স্পোর্টস: ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রেয়াল মাদ্রিদ। প্রথমার্ধে পেনালটি থেকেও গোল করতে পারেননি কিলিয়ান এমবাপে। তবে বিরতির পর ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা। জুড বেলিংহ্যামের সমতাসূচক গোল এবং বদলি হিসেবে নেমে কার্লোস এস্পির শেষ মুহূর্তের গোলে সেল্তা ভিগোকে হারিয়েছে রেয়াল।
গত শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে সেল্তাকে ২-১ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। প্রথমার্ধে পাবলো দুরানের গোলে এগিয়ে যায় সেল্তা। এরপর এমবাপে পেনালটি মিস করেন। দ্বিতীয়ার্ধে বেলিংহ্যামের গোল ম্যাচে সমতা ফিরিয়ে আনে। ৮৫ মিনিটে এস্পির গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে রেয়ালকে চাপে ফেলে সেল্তা। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে বল বাড়ান উইলিয়ট সোয়েডবার্গ। তার পাস থেকে ছয় গজ বঙ্ েবল পেয়ে জালে পাঠান পাবলো দুরান।
শুরুতে ছন্দ খুঁজে পেতে সংগ্রাম করা রেয়াল মাদ্রিদ ১৪ মিনিটে একটি সুযোগ তৈরি করে। ইয়ান ডিওমান্ডের ক্রস থেকে বঙ্ েহেড করতে পারেননি বের্নার্দো সিলভা।
এরপরও আক্রমণে উঠে সুযোগ তৈরি করে সেল্তা। ২৩ মিনিটে সোয়েডবার্গের একটি শট লক্ষ্যে থাকেনি। ৩২ মিনিটে আবার সুযোগ পেয়ে পোস্টের বাইরে শট নেন তিনি। পরে কাছ থেকে তার আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক তিবো কোর্তোয়া।
৩৬ মিনিটে এমবাপে ফাউলের স্বীকার হলে পেনালটি পায় রেয়াল। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি ফরাসি তারকা। তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮টি পেনালটি নেওয়ার পর এটি তার ষষ্ঠ মিস।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য চাপ বাড়ায় রেয়াল। ৫৭ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ হোসে মরিনিয়ো। ভিনিসিউস জুনিয়রসহ কয়েকজনকে মাঠে নামিয়ে আক্রমণে গতি বাড়ান তিনি।
৬৫ মিনিটে সেল্তার একটি জোরাল শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। পরের মিনিটেই সমতা ফেরায় রেয়াল। ভিনিসিউসের আক্রমণ থেকে এমবাপের পাস পেয়ে ডান পায়ের জোরাল শটে গোল করেন বেলিংহ্যাম।
এরপরও গোলের চেষ্টা চালিয়ে যায় স্বাগতিকরা। ৭৯ মিনিটে কামাভিঙ্গাকে তুলে কার্লোস এস্পিকে মাঠে নামানো মরিনিয়ো। পাঁচ মিনিট পরই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন এই তরুণ ফরোয়ার্ড।
বেলিংহ্যামের আক্রমণ থেকে ভিনিসিউসের ক্রস পেয়ে হেড করেন এস্পি। গোলরক্ষক প্রথম প্রচেষ্টা ঠেকালেও ফিরতি বল পায়ের টোকায় জালে পাঠান তিনি। ৮৫ মিনিটের গোলেই জয় নিশ্চিত হয় রেয়ালের।
চলতি লিগে ভিন্ন তিন ম্যাচে বদলি হিসেবে নেমে তিনটি জয়সূচক গোল করেছেন ২১ বছর বয়সী এস্পি। এর আগে এস্পানিওলের বিপক্ষে ৯০ মিনিটে এবং এলচের বিপক্ষে ৯১ মিনিটে গোল করেছিলেন তিনি।
১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সঙ্গে সমান পয়েন্টে রয়েছে রেয়াল মাদ্রিদ। একটি ম্যাচ বেশি খেলেছে রেয়াল। ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে সেল্তা ভিগো।