1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানো মামলার রায় বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : বিশ্বের সর্বোচ্চ আদালত চলতি সপ্তাহে মিয়ানমারের বিরুদ্ধে তাদের রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর অভিযোগের বিষয়ে রায় প্রদান করবে। এটি একটি যুগান্তকারী মামলা, যা আন্তর্জাতিক অপরাধগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রে একবিংশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড স্থাপন করবে। গতকাল রোববার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। সব মহলের দৃষ্টি নিবদ্ধ থাকা এই রায়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এর আগে কখনোই কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেনিÑযে অপরাধটির সংজ্ঞা নাৎসি-পরিচালিত হলোকাস্টের ঘটনার পর নির্ধারণ করা হয়েছিল। এই রায়টি ইসরায়েলের বিরুদ্ধে চলমান আরেকটি আলোচিত গণহত্যা মামলার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানের মুখে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ার প্রায় এক দশক পর, হেগের আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার সকালে এই রায় ঘোষণা করবে। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের সাবেক মানবাধিকার তদন্তকারী ইয়াংহি লি বলেন, “আইসিজে-এর এই রায় বিশ্বজুড়ে বেঁচে যাওয়া রোহিঙ্গা এবং তাদের পরিবারের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হবে।” তিনি আরও বলেন, “নয় বছর আগে মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর যে নৃশংসতা চালিয়েছিল, তা প্রতিরোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছিল। এখন তাদের সামনে সুযোগ এসেছে রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার এবং অতীতের সেই ব্যর্থতাগুলোর মুখোমুখি হওয়ার।” আইসিজে-এর বিচারকরা সাত বছর ধরে গাম্বিয়ার আনা অভিযোগগুলো খতিয়ে দেখেছেন। গাম্বিয়ার অভিযোগ অনুযায়ী, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়ন ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে। পূর্ববর্তী মামলাগুলোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিলÑকোনো অপরাধের ক্ষেত্রে ‘উদ্দেশ্য’ কীভাবে প্রমাণ করা যায়। এখানে অপরাধ বলতে বোঝানো হয়েছে এমন সব কর্মকাণ্ড, যা কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে ‘সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশে’ করা হয়। লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড নামক একটি সংস্থার প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মালভি জানিয়েছেন, তিনি এ বিষয়ে ‘সতর্ক আশাবাদ’’ যে আদালত মিয়ানমারকে পুরোপুরি জবাবদিহিতার আওতায় আনবে। তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডে এমন কিছু ‘আচরণগত ধরন’ দেখা গেছে, যা স্পষ্টতই ওই গোষ্ঠীটিকে ধ্বংস করার প্রচেষ্টাকে প্রমাণ করে। তিনি আরও বলেন, “গ্রামগুলোর ওপর আক্রমণগুলো একই কায়দায় চালানো হয়েছিল। তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাত, গ্রামগুলো পুড়িয়ে দিত, নারী ও পুরুষদের আলাদা করে ফেলত, যৌন সহিংসতা চালাত… এবং মানুষ যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করত, তখনও তারা তাদের হত্যা করা অব্যাহত রাখত।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd