বিদেশ : তরুণদের বেকারত্ব কমাতে চাকরির নিশ্চয়তা কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী নভেম্বরের শেষ দিক থেকে দেশজুড়ে এ কর্মসূচি চালু করা হবে। এর আওতায় ৯০ হাজারের বেশি তরুণ উপকৃত হবেন বলে জানিয়েছে দেশটির কর্ম ও পেনশন বিভাগ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সী ৯ লাখ ৮১ হাজার তরুণ কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণের বাইরে ছিলেন। দেশটির এই বয়সী জনগোষ্ঠীর ১৩ শতাংশ তারা। নতুন কর্মসূচির আওতায় ইউনিভার্সাল ক্রেডিট নামে সরকারি ভাতা পাওয়ার যোগ্য ১৮ থেকে ২৪ বছর বয়সীরা ছয় মাসের জন্য বেতনসহ কাজের সুযোগ পাবেন। সপ্তাহে ২৫ ঘণ্টা কাজের ব্যবস্থা থাকবে, যার খরচ বহন করবে সরকার। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সব এলাকায় এই সুযোগ পাওয়া যাবে। আগামী এপ্রিল থেকে কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে। বর্তমানে টানা ১৮ মাস ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার পর যারা এ কর্মসূচির যোগ্য হন, তখন থেকে তা কমিয়ে ১২ মাস করা হবে। যুক্তরাজ্যের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বলেন, কেউ যত বেশি সময় কাজের বাইরে থাকেন, তাঁর কাজে ফেরার পথ তত কঠিন হয়ে পড়ে। কোনো তরুণেরই কাজের সুযোগের অপেক্ষায় পড়ে থাকা উচিত নয়। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের দল লেবার পার্টির ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী অ্যালান মিলবার্নের একটি প্রতিবেদন প্রকাশের আগেই এ ঘোষণা এল। আগামী সপ্তাহে প্রকাশিতব্য ওই প্রতিবেদনে তরুণদের কর্মবিমুখতা বাড়ার কারণ এবং তাদের কর্মসংস্থানে যুক্ত করার উপায় তুলে ধরা হবে। সূত্র: রয়টার্স