অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র পরিচালক সেবাস্তিয়ান লেলিও মারা গেছেন। সান্তিয়াগোর লাশ কন্ডেস এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫২ বছর বয়সী এই নির্মাতার মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর সঙ্গী অভিনেত্রী অমালিয়া কাসাই। স্বাস্থ্যগত সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অমালিয়া কাসাই বলেন, ‘আমড়া খুবই বেদনাদায়ক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। চিরকাল তার স্মৃতি আমাদের সঙ্গে থাকবে। অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি। চিলির ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে দেশটির সংস্কৃতিতে অবদান রেখেছেন।’ একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান তিনি। ১৯৭৪ সালের ৮ মার্চ আর্জেন্টিনায় জন্ম নেওয়া লেলিও দুই বছর বয়সে পরিবারের সঙ্গে চিলিতে চলে যান। ২০০৫ সালে ‘দ্য স্যাক্রেড ফ্যামেলি’ দিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। এরপর ‘ক্রিসমাস’, ‘ইয়ার অব দ্য টাইগার’ ও ‘গ্লোরিয়া’ নির্মাণ করে পরিচিতি পান। ২০১৮ সালে ‘গ্লোরিয়া’র ইংরেজি সংস্করণ ‘গ্লোরিয়া বেল’ নির্মাণ করেন। এতে অভিনয় করেন জুলিয়ান মুর ও জন টারটুরো। তবে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিতি পান ২০১৭ সালে নির্মিত ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ দিয়ে। ট্রান্সজেন্ডার এক নারীকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি ২০১৮ সালে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জেতে। একই বছর ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডও পায় ছবিটি। চিলিতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পরিচয়সংক্রান্ত আইন সংস্কারেও সিনেমাটি ভূমিকা রেখেছিল। লেলিওর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ডিসওবিডিয়েন্স’, যেখানে অভিনয় করেছেন র্যাচেল ভাইজ ও র্যাচেল ম্যাকঅ্যাডামস। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য ওয়েভ’ মুক্তি পায় গত বছর। মৃত্যুর আগে আলেহান্দ্রো জামব্রার উপন্যাস অবলম্বনে ‘চিলিয়ান পোয়েট’ নামে একটি সিনেমা নির্মাণের কাজ করছিলেন তিনি।