যুদ্ধের কারণে এই আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য হয়েছে। ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সৌদি আরবে অনুষ্ঠাতব্য টুর্নামেন্টটি নির্ধারিত সময়ের প্রায় এক বছর পর আয়োজন করা হবে। নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৩ ডিসেম্বর শুরু হয়ে ২০২৮ সালের ২১ জানুয়ারি শেষ হবে এশিয়ার সর্বোচ্চ মর্যাদার এই ফুটবল প্রতিযোগিতা। মধ্যপ্রাচ্যের বিশেষ পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে ভ্রমণ এবং প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ কারণে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এএফসি। এএফসি, টুর্নামেন্টের স্থানীয় আয়োজক কমিটি এবং সৌদি আরব ফুটবল ফেডারেশনের মধ্যে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, সমর্থক এবং সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে এএফসির প্রতিযোগিতা কমিটি নতুন সূচি অনুমোদন করেছে। এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আগের সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজন ক্রমেই কঠিন হয়ে উঠছিল। নতুন তারিখগুলো অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য এএফসির আনুষ্ঠানিক মাধ্যমে জানানো হবে। টুর্নামেন্টের প্রস্তুতিতে সৌদি আরব ফুটবল ফেডারেশন ও স্থানীয় আয়োজক কমিটির প্রতিশ্রুতির প্রশংসা করেছে এএফসি। সংস্থাটি জানিয়েছে, এশিয়ান ফুটবলের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আয়োজন উপহার দিতে তাদের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।