1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়া তুরস্কের পারমাণবিক প্রকল্পে যুক্ত হতে পারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কৃষ্ণসাগরের তীরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তুরস্ক। এ প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে দেশটি। সবকিছু বিবেচনায় নিয়ে সম্ভাব্য অংশীদার হিসেবে দক্ষিণ কোরিয়াকে যুক্ত করার কথা ভাবছে আঙ্কারা। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কের সিনপ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক দিক নিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশনের (কেইপকো) সঙ্গে আলোচনা চলছে। এরদোয়ান জানান, প্রকল্পের অংশীদার নির্বাচনের আগে অর্থায়নের ব্যবস্থা, বিদ্যুতের উৎপাদন খরচ এবং তুরস্কের অর্থনীতিতে এর সম্ভাব্য সুফল বিবেচনা করা হবে। এসব বিষয় পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আঙ্কারা। তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছেন এরদোয়ান। ২০১৮ সালের পর এটিই তার প্রথম দক্ষিণ কোরিয়া সফর। সফরে আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকারে এরদোয়ান দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি, তুরস্কে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানো এবং যৌথভাবে পণ্য উৎপাদনের আহ্বান জানান তিনি। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তবে, বর্তমানে দক্ষিণ কোরিয়ার পক্ষে বাণিজ্যিক ভারসাম্য বেশি থাকায় এ ব্যবধান কমাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। এছাড়া, এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগ বাড়াতে তুরস্কের পরিবহন ও সরবরাহব্যবস্থার বিভিন্ন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd