1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ইমরান খানের পাশে দাঁড়ালেন রবি শাস্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে ঘিরে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। দুই দেশের বৈরিতা ভুলে সাবেক প্রতিপক্ষের মুক্তি ও চিকিৎসার দাবি জানিয়েছেন তিনি। রাজনীতির সঙ্গে নিজেকে জড়াতে না চাইলেও মানবিক দিক থেকে ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন শাস্ত্রী। রিপাবলিক ওয়ার্ল্ডকে শাস্ত্রী বলেন, ‘আমি কোনো রাজনীতিবিদ নই। তবে ইমরান খানের সঙ্গে বর্তমানে যেভাবে আচরণ করা হচ্ছে, তা সত্যিই বিস্ময়কর। কোনো মানুষের সঙ্গেই এমন আচরণ কাম্য নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলেও আমার মনে হয়, তিনি যে পরিস্থিতির মধ্যে আছেন, তা তার প্রাপ্য নয়।’ এই চাওয়া অবশ্য শুধু শাস্ত্রীর নয়। গোটা ক্রিকেট কমিউনিটিরই একই চাওয়া, ‘আমি শুধু নিজের হয়ে কথা বলছি না। আমার বিশ্বাস, বিশ্বের অনেক ক্রিকেটারই একই অনুভূতির কথা বলবেন। আমি শুধু আশা করি, ইমরান ভালো আছেন এবং তার শারীরিক অবস্থাও ভালো আছে।’ ক্রিকেটার ইমরানের প্রতি শাস্ত্রীর শ্রদ্ধাও ফুটে উঠেছে তার বক্তব্যে। বিশেষ করে ইমরানের নেতৃত্বগুণের প্রশংসা করেছেন ভারতের এই কিংবদন্তি। ইমরানকে সত্যিকারের নেতা আখ্যা দিয়ে বলেন, ‘ক্রিকেটের জন্য তিনি যা করেছেন, তা অসাধারণ। তাকে নিয়ে আমার সবচেয়ে বড় স্মৃতি হলো- আমি একজন অসাধারণ নেতাকে দেখেছি। তিনি সত্যিকারের নেতা ছিলেন। তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নিজেদের সেরাটা দেওয়ার জন্য এগিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তার।’ ইমরানের নেতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে ১৯৯২ বিশ্বকাপ জয়ের কথাও উল্লেখ করেন শাস্ত্রী, ‘প্রায় ৪০ বছর বয়সে পৌঁছে একটি অপেক্ষাকৃত তরুণ দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতানোই তার নেতৃত্বের বড় উদাহরণ। সেই দলের প্রতি তার বিশ্বাস এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতা ছিল অসাধারণ।’ ইমরান যেন দ্রুত বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন, সেই আশাও জানিয়েছেন তিনি। তার ভাষায়, ‘আপনি ইমরান খানকে পছন্দ করুন কিংবা না করুন, একটা বিষয় অস্বীকার করার উপায় নেই- বিশ্বের কাছে তিনিই পাকিস্তানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন। ক্রিকেটে তার অবদান এবং পাকিস্তানকে বিশ্বমঞ্চে যে পরিচিতি এনে দিয়েছেন, তা অসাধারণ।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd