1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বাবরকে দিলেন অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিলেন ওয়াসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তান দলে নেতৃত্ব ও দল পরিচালনা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। এবার অধিনায়ক বাবর আজমের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ম্যানচেস্টারে এক দাতব্য অনুষ্ঠানে আকরাম বলেন, সিরিজের মাঝপথে কোচিং স্টাফে পরিবর্তন এবং সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে বাবর কিছুই জানতেন না-এমন দাবি গ্রহণযোগ্য নয়। তার মতে, অধিনায়ক হিসেবে এসব বিষয়ে অবগত থাকা এবং খেলোয়াড়দের পাশে দাঁড়ানো জরুরি। বাবরের বক্তব্যের প্রসঙ্গ টেনে আকরাম বলেন, ‘বাবর আজম বলেছে সে কিছুই জানত না। তুমি যদি কিছুই না জানো, তবে এখানে কী করছিলে? ছোলা বিক্রি করতে এসেছিলে নাকি?’ আকরামের মতে, দলের অধিনায়ক যদি খেলোয়াড়দের পাশে না থাকেন, তাহলে মাঠে তাদের কাছ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স পাওয়াও কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে বা একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি, আপনার অধিনায়ক যদি আপনার পাশে না দাঁড়ান, তবে আপনি মাঠে শতভাগ দিতে পারবেন না।’ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলে বড় পরিবর্তন আনে। তৃতীয় টেস্টের আগে এসব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে বাবর জানিয়েছিলেন, বিষয়গুলো তার কাছেও নতুন। এই অবস্থানের সমালোচনা করে আকরাম পরামর্শ দেন, বাবরের টেস্ট অধিনায়কত্ব নেওয়াই উচিত হয়নি। দ্বিতীয় টেস্টের পর অধিনায়কত্ব ছেড়ে শুধু ব্যাটসম্যান হিসেবে সিরিজ খেলার সুযোগও তার ছিল বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। গত ৫ জুলাই শান মাসুদের জায়গায় আবারও পাকিস্তানের টেস্ট অধিনায়ক হন বাবর। নতুন মেয়াদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-১ ড্র করার পর ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচেই হারতে হয় পাকিস্তানকে। হেডিংলিতে ইনিংস ও ১০৩ রান, লর্ডসে ১৯৪ রান এবং এজবাস্টনে ৮ উইকেটে হারের ফলে সিরিজে হোয়াইটওয়াশ হয় দলটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd