ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলো আমি গভীরভাবে প্রশংসা করি।’
এর আগে একই দিন তারেক রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছাবার্তায় তারেক রহমান লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সব সময় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল বজায় থাকুক।’
তারেক রহমানের শুভেচ্ছার জবাবে মোদির এই বার্তা দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক প্রকাশ্য বার্তা বিনিময়ের একটি উদাহরণ।