1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

৪১ কারখানায় উৎপাদন বন্ধ, গাজীপুরে মহাসড়কে অবরোধ ও সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ কাটেনি সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বুধবার (২৫ নভেম্বর) সকালে বিভিন্ন এলাকায় শ্রমিকরা কাজ বন্ধ করে সড়কে নামেন। সাভারের হেমায়েতপুর, পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসব ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। সংঘর্ষ, কর্মবিরতি ও শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৪১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। অন্যদিকে, গাজীপুরের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কেও শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল ব্যাহত হয়।
বুধবার সকালে হেমায়েতপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে কর্মবিরতি শুরু করেন। সকাল পৌনে ৯টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক ও আশপাশের এলাকায় জড়ো হন। বাগবাড়ি মোড়সহ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধের চেষ্টা করলে যান চলাচল ব্যাহত হয়। এ সময় বিক্ষোভকারীরা আশপাশের সচল কারখানার শ্রমিকদেরও কাজ বন্ধ করে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের চেষ্টার অভিযোগও উঠেছে।
পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সাভারের পদ্মার মোড়ে সকালে স্ট্যান্ডার্ড গ্রুপ ও ব্যাবিলন গ্রুপের শ্রমিকরা নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে রাস্তায় নামেন। পুলিশ তাদের ঘিরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকরা পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকরা পাল্টা ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।
হেমায়েতপুরের ট্যানারি রোড ও বাগবাড়ি মোড় এলাকায়ও শ্রমিকদের অবস্থান ও সড়ক অবরোধের চেষ্টায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ একাধিকবার টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে একজন পুলিশ সদস্য আহত হওয়ার খবরও পাওয়া গেছে। সংঘর্ষের পর শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
এদিকে আশুলিয়ায় নিউ এইজ গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। কাঠগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে শিল্পাঞ্চলের একাধিক সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
৪১ কারখানায় উৎপাদন বন্ধ, ২২টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪১টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরও ১০টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বন্ধ থাকা ২২টি কারখানার মধ্যে হা-মীম গ্রুপ ও এনভয় গ্রুপের কারখানাও রয়েছে। এসব কারখানায় আন্দোলনে অংশ নেওয়া ৫০ হাজারের বেশি শ্রমিক কোনো মজুরি পাবেন না বলে জানা গেছে। কারখানা বন্ধের সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে শিল্পাঞ্চলের সব কারখানায় উৎপাদন বন্ধ হয়নি। অধিকাংশ প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের আশঙ্কায় কিছু এলাকায় চাঁপা আতঙ্ক বিরাজ করছে।
গাজীপুরেও শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল ব্যাহত
সাভারের পাশাপাশি গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলেও বুধবার সকালে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, নাওজোড়, সালনা, ভাওয়াল মির্জাপুর, মাস্টারবাড়ি ও আশপাশের বিভিন্ন এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।
শ্রমিকদের অবস্থানের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, কোথাও কোথাও যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে শ্রমিকদের একটি অংশ ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
গাজীপুর সদরের মালেকের বাড়ি এলাকাতেও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। সেখানে শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপরতা চালান।
ভাওয়াল মির্জাপুরের কাঞ্জানুল এলাকার কোয়াট্রো ফ্যাশন, লায়লা গার্মেন্টস ও রাগাডি ফ্যাশনসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। তারা কারখানা থেকে বের হয়ে বাংলাবাজার-ভাওয়াল মির্জাপুর এবং মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন। পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও বিক্ষোভ করেন। রাজেন্দ্রপুরের বাংলাবাজার ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়। তারাও কাজ বন্ধ রেখে সড়কে নামেন। এতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে একই সময়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হেমায়েতপুরের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার জন্য জলকামান ও সাঁজোয়া যান (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বুধবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে কয়েকটি স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ৭৩৬টি তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী কারখানা। অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও বহিরাগতদের হামলার আশঙ্কায় শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উদ্বেগ রয়েছে।
মজুরি বাড়লেও বাড়িভাড়া নিয়ে উদ্বেগ শ্রমিকদের
শ্রমিকদের একাংশের দাবি, ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ কারণে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, সাধারণ শ্রমিকদের কেউ কেউ নতুন মজুরি কাঠামোকে স্বস্তির বিষয় হিসেবে দেখছেন। তাদের মতে, সাড়ে ১২ হাজার টাকা থেকে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা হওয়ায় আয় কিছুটা বাড়বে। তবে বাড়তি মজুরির সঙ্গে বাড়িভাড়া বেড়ে গেলে সেই সুবিধা আর থাকবে না। বাড়িভাড়া বৃদ্ধির বিষয়ে বাড়ির মালিকদের ওপর সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিকদের অসন্তোষের মধ্যে বুধবার সকালে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত থাকায় কারখানার উৎপাদন ও সাধারণ মানুষের চলাচল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd