গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল হাসান বর্তমানে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত। তিনি ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।
২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আবুল হাসান। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়।
গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানা ভবন পুড়ে যায়। ওই ঘটনায় অগ্নিসংযোগের পরিকল্পনাকারী হিসেবে পুলিশ কর্মকর্তা আবুল হাসানের সম্পৃক্ততার তথ্য প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে বলে জানা গেছে।
থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। বিএনপির কয়েকজন নেতাকর্মীও তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন।
গ্রেপ্তারের আগে তাকে এসআরবি-১১ ও পুলিশ সদর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তদন্ত তথ্য প্রকাশ করা হয়নি। তাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।