বিশ্ব: যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের হুমকির মুখে ওয়াশিংটনের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চায় ভিয়েতনাম। গতকাল বৃহস্পতিবার দেশটির সরকার জানিয়েছে, যত দ্রুত সম্ভব চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তারা। নতুন শুল্ক কার্যকর হলে পোশাক, জুতা ও ইলেকট্রনিকসসহ ভিয়েতনামের গুরুত্বপূর্ণ রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত থাকা দেশগুলোর মধ্যে ভিয়েতনামের অবস্থান শীর্ষে। দেশটির শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতায় ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে। এ হার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বেশি। ১৪টি দেশের মধ্যে শুধু চীনের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্কের হার এর চেয়ে বেশি। শুল্কের নতুন প্রস্তাব প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দুই দেশ যত দ্রুত সম্ভব বাণিজ্য চুক্তি সম্পন্ন করার চেষ্টা করছে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তেও সহযোগিতা করবে ভিয়েতনাম। স্যামসাং ইলেকট্রনিকস ও অ্যাপলের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের বড় উৎপাদনকেন্দ্র রয়েছে ভিয়েতনামে। দেশটি এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভিয়েতনামের শিল্প খাতের কর্মকর্তারা আশা করেছিলেন, ডিসেম্বরে চুক্তিটি সম্পন্ন হতে পারে। ওই সময় দেশটির নেতা তো লাম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। নতুন শুল্কের হুমকিকে চুক্তি দ্রুত সম্পন্ন করার চাপ হিসেবে দেখছেন তারা। উত্তর ভিয়েতনামে বহুজাতিক প্রতিষ্ঠানের রপ্তানিমুখী কারখানা থাকা ডিপিইসি ইন্ডাস্ট্রিয়াল জোনসের প্রধান ব্রুনো জাসপার্ট বলেন, আগামী কয়েক মাসের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চুক্তি হলে ভিয়েতনামের পণ্যে শুল্কের হার ২০ শতাংশ হতে পারে। বর্তমানে দেশটির পণ্যে সাধারণ শুল্কের হার ১২ দশমিক ৫ শতাংশ। নতুন প্রস্তাবিত ২০ শতাংশ শুল্ক আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় সামান্য বেশি হলেও ৩৫ শতাংশের প্রস্তাবিত হারের চেয়ে অনেক কম। এতে চীনের পণ্যের তুলনায় ভিয়েতনামের পণ্যে শুল্কের হার উল্লেখযোগ্যভাবে কম থাকবে। ফলে চীনের বিকল্প উৎপাদনকেন্দ্র হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভিয়েতনামের আকর্ষণ বজায় থাকতে পারে।
সূত্র: রয়টার্স