1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ভেনেজুয়েলা এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ভেনেজুয়েলা এখনো নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার সাত মাসেরও বেশি সময় পার হওয়ার পর ট্রাম্প এ কথা বলেন। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার নির্বাচনের বিষয়টি বলতে গেলে, তারা এখনো সত্যিকার অর্থে এর জন্য প্রস্তুত নয়। তবে অনেক অগ্রগতি হয়েছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ-যিনি এর আগে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ওয়াশিংটনের সম্মতিতে কার্যত ক্ষমতায় টিকে আছেন-তিনি ‘অসাধারণভাবে কাজ করছেন।’ ট্রাম্প আরও বলেন, ‘আমাদের সবকিছু সঠিকভাবে করতে হবে। নির্বাচন সময়মতো নিজস্ব গতিতেই হবে।’ ট্রাম্প ভেনেজুয়েলার তেল শিল্পের গুরুত্বের দিকে মনোযোগ দেন। তিনি বলেন, দেশটি থেকে বিপুল পরিমাণ তেল রপ্তানি হচ্ছে এবং এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘আমরাও আমাদের প্রচেষ্টার জন্য অনেক কিছু নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি ভেনেজুয়েলায় খুব জনপ্রিয়, কারণ আমরা দেশটিতে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনছি। তারা সম্পূর্ণভাবে দুরবস্থার মধ্যে ছিল।’ ৩ জানুয়ারির ভয়াবহ মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করার পর ট্রাম্প বারবার ভেনেজুয়েলা নিয়ে তার আগ্রহের কথা প্রকাশ করেছেন। মাদুরো আগামী বছর যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে, নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে ট্রাম্প ও তার প্রশাসন এখন পর্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জুনে বলেছিলেন, ভেনেজুয়েলায় প্রথমে স্বাধীন গণমাধ্যম এবং নতুন নির্বাচন কমিশন প্রয়োজন। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে কর্তৃত্ববাদী নেতা মাদুরো আবার ক্ষমতায় ফিরে আসেন। ওই নির্বাচনকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশ স্বীকৃতি দেয়নি।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd