1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ব্যক্তিগত ছবি ব্যবহারে ক্ষোভ প্রকাশ করলেন প্রভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ক’দিন ধরে একটি নাটকের প্রচারণা চালাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। ‘লুক আ লাইক’ নামের নাটকটি বানিয়েছেন ফয়েজ আহমেদ রেজা। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাদিয়া জাহান প্রভা, চিত্রলেখা গুহ ও সাইদুর রহমান পাভেল। ট্রেলার ও একাধিক পোস্টারও প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। তবে বিপত্তি ঘটল আজ মুক্তির দিন নতুন আরেকটি পোস্টারের কারণে। সে পোস্টারে নাটকের লুক কিংবা দৃশ্য নয়, প্রভার ব্যক্তিগত একটি ছবি ব্যবহার করা হয়েছিল। প্রকাশের পর থেকে সেটা নিয়ে নেতিবাচক মন্তব্যও করছিল নেটিজেনরা। বিষয়টি নজরে পড়ে প্রভার। তিনি ক্ষুব্ধ হয়ে দিয়েছেন প্রতিক্রিয়া। ফেসবুক বার্তায় প্রভা লেখেন, ‘পোস্টারটি যিনি ডিজাইন করেছেন, তিনি গুরুতর ভুল করেছেন। এ ছবিটি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে। এটি আমার ব্যক্তিগত ছবি, যা আমি নিজেই ব্লুটুথ রিমোট ব্যবহার করে তুলেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছবিটির যদি নাটক বা এর গল্পের সঙ্গে কোনো সম্পর্কই না থাকে, তাহলে এটি কোনোভাবেই ব্যবহার করা উচিত হয়নি। পোস্টার ডিজাইনার, পরিচালক কিংবা প্রযোজনা দলের উচিত ছিল আমার ইনস্টাগ্রামের ছবি ব্যবহারের আগে আমার সঙ্গে যোগাযোগ করে অনুমতি নেওয়া।’ পেশাদার কাজের ক্ষেত্রে এমন ‘অপেশাদার’ আচরণ কাম্য নয় বলে মনে করেন প্রভা। তার ভাষ্য, ‘আমি এটাকে মোটেও পেশাদার আচরণ বলে মনে করি না। কারও ব্যক্তিগত ছবি তার সম্মতি ছাড়া ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ প্রভার এই প্রতিক্রিয়া আমলে নিয়েছে ‘বঙ্গ’। তড়িঘড়ি ওই পোস্টার মুছে দেওয়া হয়েছে তাদের পেজ থেকে। পরে নতুন আরেকটি পোস্টার প্রকাশ করা হয়। যেখানে নাটক থেকেই প্রভার একটি লুক ব্যবহার করা হয়েছে। পারিবারিক ড্রামা ও রহস্যের মিশেলে নাটকটির গল্প। একটি খুনের ঘটনা ঘিরে গল্পে অপ্রত্যাশিত মোড় আসে। সেটার কিনারা হবে নাটকের শেষে। বর্তমানে নাটকটি দেখা যাচ্ছে ‘বঙ্গ’তে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd