মাত্র ৬ মাস হয়েছে বিসিবি নির্বাচনের। বর্তমান বোর্ডে ইতোমধ্যে ভাঙনের সুর। একে একে বোর্ড পরিচালকরা পদত্যাগ করছেন। এদিকে বিশ্বকাপ না খেলা এমনকি নির্বাচন নিয়েও বিতর্কের তৈরি হলে শুরু হয় তদন্ত কার্যক্রম। এদিকে ক্লাব ক্রিকেট তো অচলাবস্থায় রয়েছেই, বিপিএল চলাকালেও ক্রিকেটারদের বয়কটের ঘটনা ঘটেছিল। সব মিলে বোর্ডে চলমান অস্থিরতায় ভবিষ্যৎ ও স্থায়িত্ব নিয়েও উঠছে প্রশ্ন। যদিও বিসিবি কর্তারা দাবি করছেন, তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন। নির্ধারিত প্রক্রিয়া মেনেই এগোচ্ছে ক্রিকেটীয় কার্যক্রম। ইফতেখার রহমান মিঠু বলেন, ‘অস্থিরতা থাকলে আমাকে এখানে দেখতেন? যেটা শুনছি, একটা তদন্ত কমিটি হয়েছে। তাদের কাজ করতে দিতে হবে। আমাদের যে যার দায়িত্ব তা পালন করছি। ভবিষ্যতে যদি কিছু হয় এ নিয়ে আমরা চিন্তিত না। সবাই জানেন আমরা প্যাশন হিসেবে এসে সার্ভিস দিচ্ছি।’ বিসিবির প্রথম নারী পরিচালক রুবাবা দৌলা জানান, পরিস্থিতি যা-ই হোক বোর্ডের কাজ আটকে নেই। তিনি বলেন, ‘আজ আমরা ৯ ঘণ্টা বোর্ড মিটিং করলাম। বেশ কিছু এজেন্ডা নিয়ে সামনে তাকিয়েছি আর কী কী করা যায়। আজ যেসব শুনলেন, অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির চেয়ার একেকজনকে নির্ধারণ করে তাদের নিয়ে কাজ করা হচ্ছে। আমরা সবাই দায়িত্বশীল। কাজের দিকেই লক্ষ্য রাখছি। যেটা হবার সেটা হবে, আমরা যেন ঠিকমতো কাজ করি।’
Reporter Name 
















