বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আকিজ গ্রুপ এবং
ইতালি প্রবাসী রাজা মাহমুদ ও সাইফুল ইসলাম। পবিত্র ঈদকে সামনে রেখে তারা
এগিয়ে এলেন সমাজের সবচেয়ে অবহেলিত—এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলার আবু হোরায়রা ট্রাস্টেরঅধীনে পরিচালিত আবু হোরায়রা এতিমখানায় আয়োজন করা হয় ঈদের নতুন পোশাক
বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪
আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম।
আবু হোরায়রা ট্রাস্টের সভাপতি আলহাজ আঃ আলিম খানের সভাপতিত্বে আয়োজিত এই
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক
মাওলানা শাহাদাৎ হোসেন, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, ট্রাস্টের
সাধারণ সম্পাদক অধ্যাপক ছবীর আহমেদ, এতিমখানা পরিচালনা কমিটির সেক্রেটারি
মাওলানা রবিউল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোরেলগঞ্জ উপজেলা
শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত এতিম ও অসহায় শিশুদের
পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই প্রকৃত সুখ পাওয়া
যায়। তারা আকিজ গ্রুপ ও প্রবাসীদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।
পোশাক হাতে পেয়ে এতিমখানার শিশুদের চোখে-মুখে ফুটে ওঠে এক অন্যরকম
আনন্দের ঝিলিক। নতুন জামা পরে ঈদের দিন কাটানোর স্বপ্নে তারা যেন
মুহূর্তেই ভরে ওঠে উচ্ছ্বাসে। অনেক শিশুই হাসিমুখে তাদের কৃতজ্ঞতা প্রকাশ
করে, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
এই আয়োজন শুধু পোশাক বিতরণেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল ভালোবাসা,
সহমর্মিতা এবং মানবতার এক অনন্য বার্তা। সমাজের সকল স্তরের মানুষ যদি
এভাবে এগিয়ে আসে, তবে কোনো এতিম শিশুই আর নিজেকে একা মনে করবে না—এমন
প্রত্যাশাই ব্যক্ত করেন আয়োজকরা।
Reporter Name 



















