বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার কিছু পর গুলশানের বাসভবন থেকে তাঁর গাড়িবহর ফেনীর পথে যাত্রা শুরু করে। এক দিনের সফরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এক দিনের সফর শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের শুরুতে দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন তিনি।
সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
মুহুরী-কহুয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী দুপুর সোয়া ১টার দিকে পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন। সেখানে দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি। সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে ডাকবাংলোয় দুপুরের খাবার ও বিশ্রাম নেওয়ার কথা রয়েছে।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচিও রয়েছে। এর মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে কর্মরত ব্যক্তিরাও রয়েছেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে তারেক রহমানের এটিই প্রথম সফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর এই সফরে তিনি জেলার দুটি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
ফেনীর সঙ্গে তারেক রহমানের পারিবারিক সম্পর্কও রয়েছে। তাঁর নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। তাঁর মা, প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে নির্বাচন করতেন। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ওই আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এবারের ফেনী সফরটি প্রথমে ১৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। পরে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।