মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচে-গলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাবুয়ান এলাকায় চৌধুরী ইটভাটার উত্তর পাশের একটি নদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার উত্তর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে নৌ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি গলিত অবস্থায় থাকায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে এবং কত দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মোড়লগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে বাগেরহাট মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।