পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদকে টেলিফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার বিকেল ৩টার পরে আসলাম সিকদার নামে এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে তাকে এই হুমকি দেন। এ ঘটনায় চিকিৎসকদের মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ডাঃ আহসানারা বিনতে আহমেদ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, অভিযুক্ত আসলাম সিকদার +৮৮০ ১৯৫০-৯৯৯১৭৮ নম্বর থেকে ফোন করে কোনো দাবি বা পূর্ব আলোচনা ছাড়াই সরাসরি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দিতে শুরু করেন। সরকারি দায়িত্বশীল পদে থেকে কাজ করার সময় তাকে অত্যন্ত ভয়ভীতি দেখানো হয়।
কথোপকথনের সময় অভিযুক্ত আসলাম সিকদার ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, হয় অর্থ, নয় রক্ত দু’টির একটি দিতে হবে। এভাবে সরাসরি জীবননাশের হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন ওই কর্মকর্তা। এ সময় ডাঃ আহসানারা বিনতে আহমেদ তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে তিনি আরও বেপরোয়া আচরণ করেন।
এ বিষয়ে ডাঃ আহসানারা বিনতে আহমেদ জানান, কোনো কারণ ছাড়াই সরাসরি এ ধরনের প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। তিনি আইনি সহায়তা পেতে ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া নিচ্ছেন। দ্রুত অভিযুক্ত আসলাম সিকদারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ ও চিকিৎসকরা।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি আব্দুল আওয়াল কবীর বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হুমকিদাতা গাজীপুরের জয়দেবপুর থেকে ফোনটি করেছিল। একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে এ ধরনের চাঁদা দাবি করে আসছে। আমরা হুমকিদাতাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।