বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার ডিজেল চুক্তিকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ বলে অভিহিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গতকাল বুধবার ইউরোপীয় কাউন্সিল সম্মেলনের আগে সিনেট বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। মেলোনি বলেন, “এই সিদ্ধান্তের ফলাফল অনিশ্চিত, অথচ ঝুঁকিগুলো পরিষ্কার: এর মাধ্যমে মস্কো বৈধতা পাবে।” তিনি আরো সতর্ক করেন, এই চুক্তির ফলে রাশিয়ার যুদ্ধ পরিচালনার জন্য অতিরিক্ত রাজস্ব বৃদ্ধি পাবে ও পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব দুর্বল হয়ে পড়বে। এমন এক সময়ে এই চুক্তি করা হয়েছে যখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসাতে চাপ দিয়ে যাচ্ছে। মেলোনির মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর অবস্থানের সঙ্গে ‘পরস্পরবিরোধী’ বার্তা পাঠায়।
ইউরোপের জোরালো ভূমিকার আহ্বান
ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইউরোপের আরো জোরালো ভূমিকা দাবি করে মেলোনি বলেন, ইউরোপ যেন হাত গুটিয়ে বসে না থাকে তা নিশ্চিত করতে হবে। আলোচনাগুলোতে ইউরোপের একটি ঐক্যবদ্ধ কন্ঠস্বর নিশ্চিত করতে তিনি ইউরোপীয় ইউনিয়ন-ভুক্ত ২৭টি দেশের ম্যান্ডেটপ্রাপ্ত একজন প্রভাবশালী প্রতিনিধি নিয়োগ করার তাগিদ দেন। পাশাপাশি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের তথাকথিত ‘ই৩’ কাঠামোর মাধ্যমে সম্মিলিত ইউরোপীয় ইউনিয়ন ম্যান্ডেট ছাড়াই আলাদা কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সম্ভাবনারও সমালোচনা করেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন এবং জ্বালানি তেলের দাম কমাতে মস্কোকে বৈশ্বিক বাজারে ডিজেল সরবরাহের সুযোগ করে দিয়েছেন। এর অংশ হিসেবে তার প্রশাসন রুশ জ্বালানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞাও সাময়িকভাবে প্রত্যাহার করেছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি