বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন শো, স্টেজ পারফরম্যান্স ও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। দেশের বাইরে থাকলেও ভক্তদের জন্য একের পর এক চমক দিয়েই যাচ্ছেন এই অভিনেতা। আর নিজের জন্মদিনে সেই চমকের মাত্রা আরও বাড়িয়ে দিলেন একটি রহস্যময় পোস্টার প্রকাশ করে। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করেন জায়েদ খান। পোস্টারটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। পোস্টারে দেখা যায়, কয়েকজন তরুণী হাত বাড়িয়ে আছেন জায়েদ খানের মুখের দিকে। পোস্টারের ওপরে বড় অক্ষরে লেখা ‘শিকারী’। তবে এটি সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও নাকি অন্য কোনো প্রকল্প সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। কেউ বলছেন এটি নতুন সিনেমার প্রথম ঝলক, কেউ আবার ধারণা করছেন আন্তর্জাতিক কোনো প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। আবার অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সম্পূর্ণ নতুন ধাঁচের একটি প্রজেক্টে কাজ করেছেন এই অভিনেতা। বলে রাখা ভালো, সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় দেখা যায় জায়েদ খানকে। ছবিটি পরিচালনা, কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।