1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, কখন ও যেভাবে জানবেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী শনিবার, ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফল প্রকাশের নতুন তারিখ ও সময় নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় নিয়ে ২৬ অক্টোবর আরেকটি বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি। পরে ফল প্রকাশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে ঘিরে ফল প্রকাশের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। প্রচলিত নিয়মে সাধারণত সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন। ফলে নির্ধারিত দিনে ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয়।

১১ বোর্ডে পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজারের বেশি
গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

পরীক্ষার নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাসহ কিছু পরীক্ষা ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলে। অধিকাংশ শিক্ষা বোর্ডের অধীনে লিখিত পরীক্ষা অবশ্য ৮ আগস্টের মধ্যেই শেষ হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। সারা দেশে পরীক্ষার কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি। অংশ নিয়েছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

এইচএসসি ছাড়াও আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল একই সময়ে প্রকাশ করা হবে।

অনলাইনে যেভাবে ফল জানবেন
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফল দেখতে পারবেন। এ জন্য ওয়েবসাইটের নির্ধারিত ঘরে পরীক্ষার নাম, বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও নিবন্ধন নম্বর দিতে হবে। ফল দেখার পাশাপাশি সেখান থেকে নম্বরপত্রও ডাউনলোড করা যাবে।

ফল জানতে প্রবেশ করতে হবে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইটে: educationboardresults.gov.bd

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে সমন্বিত ওয়েবসাইট থেকে পুরো প্রতিষ্ঠানের ফল একসঙ্গে সংগ্রহ করতে পারবে।

মোবাইলের খুদে বার্তায় ফল দেখার নিয়ম
ইন্টারনেটের পাশাপাশি মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের বার্তা অপশনে গিয়ে পরীক্ষার নাম, বোর্ডের সংক্ষিপ্ত নাম, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের লিখতে হবে:

HSC DHA 123456 2026

এখানে ‘DHA’-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং ‘123456’-এর জায়গায় পরীক্ষার্থীর নিজের রোল নম্বর বসাতে হবে। এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানা যাবে।

ফল প্রকাশের পর অনলাইনে একসঙ্গে অনেক পরীক্ষার্থী প্রবেশ করায় ওয়েবসাইটে চাপ বাড়তে পারে। সে ক্ষেত্রে কিছুক্ষণ পর আবার চেষ্টা করা অথবা খুদে বার্তার মাধ্যমে ফল জানার পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd