বিদেশ : দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনাতে চলছে তীব্র অর্থনৈতিক মন্দা। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে ক্রমেই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। খাবার কেনার মতো মৌলিক প্রয়োজন মেটাতেও অনেকে ঋণ নিচ্ছেন এবং ব্যক্তিগত সম্পদ বিক্রি করছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী,মাসের মাঝামাঝি সময়েই দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষের মাসিক আয় শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী বেতন পাওয়া পর্যন্ত তারা ক্রেডিট কার্ড, ব্যাংক ঋণ এবং আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নিয়ে দৈনন্দিন ব্যয় নির্বাহ করছেন। কেউ কেউ জীবনযাত্রার খরচ সামাল দিতে ব্যক্তিগত জিনিসপত্র বিক্রির পথও বেছে নিচ্ছেন। ৪৩ বছর বয়সী নাগরিক ডিয়েগো নাকাসিও বলেন, আগে নিয়মিত আয়ের মাধ্যমে পরিবার চালানো সম্ভব হলেও এখন শুধু খাদ্য কেনার জন্যই ঋণ নিতে হচ্ছে। তার ভাষায়, এ ধরনের পরিস্থিতির মুখোমুখি তারা আগে কখনো হননি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের বড় একটি জনগোষ্ঠী খাদ্যপণ্য, বিদ্যুৎ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সেবা কিনতে ঋণের ওপর নির্ভর করছে, যা তাদের আর্থিক চাপ ও মানসিক উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক নীতির পরিবর্তন, উচ্চ মুদ্রাস্ফীতি এবং আয়-ব্যয়ের ভারসাম্যহীনতার ফলে সাধারণ পরিবারগুলো কঠিন বাস্তবতার মুখে পড়েছে। এ পরিস্থিতিতে পর্যবেক্ষকদের আশঙ্কা, অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নত না হলে সাধারণ মানুষের ওপর ঋণের বোঝা আরও বাড়তে পারে।
Reporter Name 













