1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠছেন এলা ল্যাংলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এমন কিছু সময় আসে, যখন একজন শিল্পী শুধু জনপ্রিয়তার শীর্ষে ওঠেন না, বরং পুরো সময়কেই নিজের নামে চিহ্নিত করে ফেলেন। বর্তমানে সে অবস্থানে আছেন মার্কিন গায়িকা ও গীতিকার এলা ল্যাংলি। খুব অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেছেন কোটি কোটি শ্রোতার প্রিয় শিল্পী। তাঁর গাওয়া ‘চুজিন টেঙ্াস’ গানটি টানা ১৫ সপ্তাহ বিলবোর্ডের তালিকার শীর্ষে থেকে ইতিহাস সৃষ্টি করেছে। এলা তাঁর এই সাফল্যের মধ্য দিয়ে ভেঙেছেন দুই কিংবদন্তি শিল্পী মারাইয়া কেরি ও হুইটনি হিউস্টনের রেকর্ড; যার কারণে এ মুহূর্তে বিশ্বসংগীতের আলোচিত নামগুলোর একটি এলা ল্যাংলি। এলার সংগীতজীবনের শুরুটা হয়েছিল লোকসংগীতকে ঘিরে। শৈশব থেকেই গান লেখা ও গাওয়ার প্রতি আগ্রহ ছিল তাঁর। নিজের জীবনের অভিজ্ঞতা, সম্পর্ক, ভালোবাসা, ভাঙন এবং দক্ষিণাঞ্চলের জীবনযাপনকে তিনি গানের কথায় তুলে ধরেন। তাঁর কণ্ঠের আন্তরিকতা এবং গল্প বলার ক্ষমতা খুব অল্প সময়েই শ্রোতার মন জয় করে নেয়। ধীরে ধীরে তাঁর গানের পরিচিতি ছড়িয়ে পড়ে। এরপর নিজের লেখা ও সুর করা গান প্রকাশ করতে শুরু করেন। তাঁর কণ্ঠের স্বাতন্ত্র্য, সহজ উপস্থাপনা এবং আবেগপূর্ণ পরিবেশনা খুব দ্রুত শ্রোতার মন জয় করে নেয়। ফলে লোকসংগীতের গণ্ডি পেরিয়ে তাঁর গান পৌঁছে যায় মূলধারার বিশ্বসংগীতের শ্রোতার কাছেও। আজকের এই অবস্থানে পৌঁছাতে এলাকে সহজ পথ পাড়ি দিতে হয়নি। অসংখ্য শিল্পীর ভিড়ে নিজের পরিচয় তৈরি করা ছিল বড় চ্যালেঞ্জ। শুরুতে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর গান নিয়ে আগ্রহ দেখায়নি। তবে তিনি থেমে যাননি। নিয়মিত নতুন গান লিখেছেন, গেয়েছেন এবং নিজেকে আরও পরিণত করেছেন। তাঁর বিশ্বাস ছিল, ভালো গান একদিন না একদিন শ্রোতার কাছে পৌঁছাবেই। সেই বিশ্বাসই তাঁকে সামনে এগিয়ে নিয়েছে। এলার সংগীতজীবনের সবচেয়ে বড় মোড় আসে ‘চুজিন টেঙ্াস’ গানটির মাধ্যমে। এটি প্রকাশের পর থেকেই শ্রোতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রথমে ধীরে ধীরে জনপ্রিয়তা পেলেও পরে এটি যেন এক সাংস্কৃতিক আলোচনার অংশ হয়ে ওঠে। বিভিন্ন মাধ্যমে গানটি ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই কোটি কোটি মানুষ এটি শুনতে শুরু করেন; যার কারণে গানটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিলবোর্ডের শীর্ষে চলে আসে। সপ্তাহের পর সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখে গানটি একের পর এক রেকর্ড ভাঙতে থাকে। অবশেষে টানা ১৫ সপ্তাহ শীর্ষে থেকে এটি ইতিহাস সৃষ্টি করে। এই অর্জনের মধ্য দিয়ে মারাইয়া কেরির ‘উই বিলং টুগেদার’ এবং হুইটনি হিউস্টনের ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’-এই দুটি কিংবদন্তির গানের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে যায়। কোনো সহশিল্পী ছাড়া একক নারী শিল্পীর গাওয়া এবং উৎসবের বাইরে প্রকাশ হওয়া গানের মধ্যে এটিই এখন সবচেয়ে দীর্ঘ সময় শীর্ষে থাকা গান। সব ধরনের গান বিবেচনায় নিলে কেবল মারাইয়া কেরির বড়দিনের গানটির অবস্থান এখনও এর ওপরে। সংগীত বিশ্লেষকদের মতে, ‘চুজিন টেঙ্াস’-এর সবচেয়ে বড় শক্তি এর আন্তরিকতা। গানটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের চেয়ে অনুভূতির প্রকাশ বেশি গুরুত্ব পেয়েছে। নিজের শিকড়, ভালোবাসা এবং পরিচয়ের টান-এসব বিষয় এমনভাবে তুলে ধরা হয়েছে, যা সহজেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এ ছাড়া এলার কণ্ঠে রয়েছে এক ধরনের স্বাভাবিক আবেগ, যা গানকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। তিনি গানের প্রতিটি শব্দ এমনভাবে পরিবেশন করেন, যেন নিজের জীবনের গল্পই বলছেন। এই আন্তরিকতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। বিশ্বসংগীতে নারীদের সাফল্যের ইতিহাস দীর্ঘ। তবে নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে এলার উত্থান বিশেষভাবে আলোচিত। তিনি দেখিয়েছেন, স্বকীয়তা ধরে রেখেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করা সম্ভব। অনেক তরুণ শিল্পী এখন এলাকে অনুসরণ করছেন। শুধু গান নয়, নিজের লেখা, নিজের ভাবনা এবং নিজের অভিজ্ঞতাকে শিল্পে রূপ দেওয়ার সাহসও তারা পাচ্ছেন তাঁর কাছ থেকে। এলা প্রমাণ করেছেন, জনপ্রিয় হওয়ার জন্য অন্যকে অনুকরণ করার প্রয়োজন নেই। একটি গান দিয়ে ইতিহাস লেখা সম্ভব হলেও সেই সাফল্য ধরে রাখা অনেক কঠিন। এখন পুরো বিশ্বের নজর এলার পরবর্তী কাজের দিকে। সংগীতপ্রেমীরা জানতে চান, তিনি কি আবারও এমন কোনো গান উপহার দিতে পারবেন, যা আগের সব অর্জনকে ছাড়িয়ে যাবে? সমালোচকদের মতে, এলা এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছেন, যেখানে প্রতিটি নতুন কাজই আগের সাফল্যের সঙ্গে তুলনা করা হবে। তাই তাঁর সামনে যেমন বিশাল সম্ভাবনা, তেমনি রয়েছে বড় দায়িত্বও।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd