1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

অনিশ্চয়তায় মুখে শাকিব খানের ‘সোলজার’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার মুক্তির তারিখ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরে শুরু হওয়া এ সিনেমার কাজ এখনো শেষ না হওয়ায় চলতি বছরের ডিসেম্বরেও এটি প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা নেই বললেই চলে। নির্মাণের শুরু থেকেই আলোচনায় থাকা এ সিনেমার ডাবিংয়ের বড় অংশ শেষ করেছেন শাকিব খান। তবে এখনো ৯ দিনের শুটিং বাকি রয়েছে। এ অবশিষ্ট কাজ শেষ করা নিয়েই তৈরি হয়েছে মূল জটিলতা। সূত্রের খবর অনুযায়ী, একাধিকবার শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হলেও পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন কাজ শুরু করতে ব্যর্থ হন। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর কিংবা গত আগস্টে শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরও শিডিউল অনুযায়ী শুটিং করা সম্ভব হয়নি। ঘটনা প্রসঙ্গে শাকিব খানের ম্যানেজার মনির জামান জানান, বারবার শিডিউল নিয়েও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে পরিমাণ শিডিউল নেওয়া হয়েছিল, তাতে সহজেই দুই থেকে তিনটি সিনেমার কাজ শেষ করা যেত। গত কয়েক বছরে শাকিব খানের কোনো ছবির ক্ষেত্রে এমন গড়িমসি দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন। এদিকে সিনেমার শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া সম্মানি না দেওয়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করছেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক টেকনিশিয়ান জানান, অধিকাংশ কলাকুশলীর পাওনা পরিশোধ করা হয়নি। বকেয়া টাকা না পেলে কেউ আর নতুন করে সময় দিতে রাজি হচ্ছেন না। তবে বকেয়া সম্মানির অভিযোগটি অস্বীকার করেছেন নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তার ভাষ্যমতে, শুটিং শেষ হওয়ার আগে পুরো সম্মানি পরিশোধের নিয়ম নেই। শুটিং শেষ হলে মুক্তির তারিখ ঘোষণা করে টিজার প্রকাশ করা হবে বলে তিনি জানান। বর্তমানে ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষে তার দেশে ফেরার কথা রয়েছে। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার কাজে নামবেন তিনি। পরবর্তী সময়ে হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার কাজ শুরু করার কথা রয়েছে। এই দুই ব্যস্ততার ফাঁকে ‘সোলজার’-এর ৯ দিনের শুটিং শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd