শেখ সৈয়দ আলী, ফকিরহাট প্রতিনিধি :বাগেরহাটের ফকিরহাট বাজারে প্রতি রোববার ও বুধবার সকাল থেকে বসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ শ্রমিকের হাট, যা স্থানীয়ভাবে “কিষাণের হাট” নামে পরিচিত। প্রায় অর্ধশত বছরের পুরোনো এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে এসে জড়ো হন। তবে দিন দিন শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় বাজারের মূল সড়কজুড়ে তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হচ্ছে।
বর্তমানে ধান কাটা ও ঘেরে মাছ চাষের মৌসুম চলায় শ্রমিকের চাহিদা বেড়েছে। ফলে পাবনা, নওগাঁ, নীলফামারী, জামালপুর, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরগুনাসহ দেশের বিভিন্ন জেলা এবং বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার শ্রমিক ফকিরহাট বাজারে আসছেন।
শ্রমিকেরা সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাজারের ওপর দিয়ে বাগেরহাট-খুলনা আন্তঃজেলা সড়কের প্রায় ৪০০ মিটার এলাকা এবং পাশের পুরোনো রেলস্টেশন গলি পর্যন্ত অবস্থান নেন। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ফকিরহাট বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী শ্রী বলরাম মিত্র বলেন, “হাটের দিন শ্রমিকের ভিড়ে ক্রেতারা দোকানে ঢুকতেই পারেন না। কেনাবেচা ব্যাহত হয়। এছাড়া শ্রমিকেরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে পান-বিড়ি খেয়ে রাস্তাঘাট নোংরা করে রাখেন।”
বিসমিল্লাহ টেলিকমের মালিক মো. ইমরান হোসাইন জানান, “শ্রমিক ও মহাজনদের ভিড়ে রাস্তা পুরোপুরি আটকে যায়। মানুষের চলাচল কঠিন হয়ে পড়ে। সপ্তাহে দুই দিন আমাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়।”
স্থানীয় আরও কয়েকজন দোকানদার একই ধরনের অভিযোগ তুলে বলেন, সড়কের ওপর থেকে শ্রমিকের হাট সরিয়ে কোনো নির্দিষ্ট ফাঁকা স্থানে স্থানান্তর করা জরুরি।
হাটের দিনে বাহিরদিয়া, মানসা ও ঠিকরীপাড়া থেকে বাজার করতে আসা মানুষজন জানান, শ্রমিকদের ভিড় ঠেলে বাজারে ঢোকা যেমন কষ্টকর, তেমনি বাজার শেষে ব্যাগ নিয়ে ফিরতেও যুদ্ধ করতে হয়।
কাজী আজহার আলী কলেজ, কারামাতিয়া ফাজিল মাদ্রাসা ও শিরিন হক বালিকা বিদ্যালয়ের একাধিক ছাত্রী অভিযোগ করেন, হাটের দিনে শ্রমিকদের ভিড়ে তাদের চলাচল কঠিন হয়ে পড়ে। অনেক সময় অশালীন মন্তব্য ও ইভটিজিংয়ের শিকারও হতে হয়। তারা দ্রুত হাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামান বলেন,
“আমি নিজেও এই সমস্যার ভুক্তভোগী। হাটের দিন শ্রমিকদের ভিড়ে রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। খুব দ্রুত কিষাণের হাটটি বর্তমান স্থান থেকে সরিয়ে বেসিক ব্যাংক সংলগ্ন ফাঁকা স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।”
স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে ফকিরহাট বাজারের দীর্ঘদিনের এই জনভোগান্তির অবসান ঘটবে।
Reporter Name 


















