ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা রাক্ষস নিয়ে বেশ আত্মবিশ্বাসী নির্মাতা মেহেদি হাসান হৃদয়। সম্প্রতি প্রকাশিত ট্রেলার ইতিমধ্যেই দর্শকের আগ্রহ বাড়িয়েছে। মুক্তির মাাত্র ২৪ ঘণ্টার মাথায় ১০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ট্রেলারটি। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে নির্মাতা জানিয়েছেন, এটি শুধু অ্যাকশন সিনেমা নয়; ক্রেজি প্রেম, পারিবারিক গল্প এবং তীব্র ভায়োলেন্স-সব মিলিয়েই তৈরি হয়েছে ‘রাক্ষস’। নির্মাতার ভাষায়, ‘রাক্ষস হচ্ছে ভায়োলেন্সের বাপ।’ তার দাবি, বাংলা সিনেমায় ভায়োলেন্সকে নতুনভাবে দেখানোর চেষ্টা করেছেন তিনি। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। নির্মাতার মতে, এই ছবিতে সিয়াম এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যাকে প্রতীকী অর্থে ‘রাক্ষস’ বলা যায়। হৃদয় বলেন, “সিয়াম একটা রাক্ষস। সবকিছুকে গিলে খেয়ে ফেলেছে। গল্পে আমরা দেখানোর চেষ্টা করেছি-সে এত শক্তিশালী যে বাঘকেও হার মানাতে পারে। এটা বাস্তব নয়, বরং মেটাফরিক্যালভাবে দেখানো হয়েছে। আমাদের গল্পে অনেক শক্তিশালী ভিলেন আছে, অনেক নেতিবাচক শক্তি আছে। সেই শক্তিগুলোকে সে রাক্ষসের মতো গিয়ে ধ্বংস করে। আমরা ট্রেলার তার কিছু ঝলক দিয়েছি। পুরো সিনেমা দেখার পর আরও অবাক হয়ে যাবে সবাই।’’। তিনি আরও বলেন, ‘দর্শক হলে গিয়ে সিয়ামের অভিনয় দেখলে চমকে উঠবেন। রাক্ষসে সিয়াম উড়াইয়া দিসে। তার অ্যারোগেন্সি ভাইব দেখার পর দর্শক বলবে-এটা আমি কোন সিয়ামকে দেখলাম!’ নির্মাতা মনে করেন, চলচ্চিত্র নির্মাতাদের গল্প বলার স্বাধীনতা থাকা জরুরি। তার মতে, সিনেমা সমাজের বাইরের কোনো গল্প বলে না; বরং সমাজের বাস্তবতার প্রতিফলনই তুলে ধরে। তিনি বলেন, ‘আমাদের সমাজে প্রতিনিয়ত নানা ধরনের অপরাধ, সহিংসতা ঘটে। আমরা সেই বাস্তবতার প্রতিচ্ছবিই পর্দায় তুলে ধরার চেষ্টা করি। কিন্তু অনেক সময় নির্মাতা হিসেবে মনে ভয় কাজ করে-এই গল্প সেন্সর বোর্ড রাখতে দেবে কি না।’