বিনোদন: বলিউডে দীর্ঘদিন কাজ করার পর হঠাৎই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইরানি মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি। মুম্বাইয়ে ক্যারিয়ার গড়ে তুললেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত হতাশার কথা জানিয়ে নিজের দেশে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মান্দানা করিমি একসময় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান। এরপর মডেলিংয়ের পাশাপাশি বলিউডেও বেশ কিছু কাজে যুক্ত হন। তবে সাম্প্রতিক সময়ে নিজের কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে হতাশার কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে ঘিরে চলমান রাজনৈতিক আলোচনার পর নিজের দেশের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে মত দেন মান্দানা। তিনি বলেন, ভবিষ্যতে এমন একটি ইরান দেখতে চান যেখানে নারীরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন। অভিনেত্রীর ভাষায়, “আমি এমন এক ইরান কল্পনা করি যেখানে নারীরা যা খুশি পরতে পারবেন, যেখানে ইচ্ছা পড়াশোনা করতে পারবেন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক হবে আরও দৃঢ়।” ইরানের বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করায় অনেকের বিরাগভাজন হয়েছেন বলেও জানান মান্দানা। তার দাবি, এই কারণে বলিউডে ঘনিষ্ঠ অনেক বন্ধুকেও হারাতে হয়েছে। তিনি বলেন, “গত দুই মাসে মুম্বাইয়ে যতটা একাকীত্ব অনুভব করেছি, আগে কখনো করিনি। আমার অনেক বন্ধু ছিল, কিন্তু ইরান নিয়ে খোলাখুলি মত প্রকাশ করায় অনেক তথাকথিত বন্ধুকে হারিয়েছি।” ভারতে কাজ করার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করলেও এখন নিজের দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এই অভিনেত্রী। মান্দানা বলেন, “ব্যাগ গুছিয়ে রেখেছি। খুব শিগগির ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেশে ফিরে যাব। ভারত আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এখন আমার সামনে এগিয়ে যাওয়ার সময়।” তার এই ঘোষণার পর বিনোদন জগতে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত অবস্থান ও রাজনৈতিক মত প্রকাশের কারণে আন্তর্জাতিক অঙ্গনের অনেক শিল্পীই নানা ধরনের চাপে পড়েন। মান্দানার সিদ্ধান্ত সেই বাস্তবতারই একটি প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।