রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আদালতের নির্দেশ পেলেই ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, “গেজেট প্রকাশে কোনো তাড়াহুড়া করা হয়নি। আইনের মধ্যে থেকে সব কাজ সম্পন্ন হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল পুনর্বিবেচনার বিষয়টি প্রাসঙ্গিক নয়, তবে আদালতের নির্দেশে ভোট পুনর্গণনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

নির্বাচন কমিশন আজই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ চিঠি পেতে পারে বলে জানান তিনি। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একইদিন বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে, শপথবাক্য পাঠ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৯৯ আসনের মধ্যে ২০৯টিতে জয়ী হয়েছে। বিএনপির শরিকরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, শেরপুর-৩ আসনের ব্যাপারেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এছাড়া, আরও কয়েকটি আসনে প্রার্থীরা পুনর্গণনার জন্য আবেদন করেছেন। ইসি বলেন, “ভোট পুনর্গণনার বিষয়ে আদালত যে নির্দেশ দেবেন, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”


এই বিভাগের আরো খবর