শূন্য দশকের শুরুতে ‘হাঙ্গামা’, ‘ধুম টু’, ‘গোলমাল’-এর মতো সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রিমি সেন। যশ-খ্যাতি কুড়ালেও ধীরে ধীরে রুপালি জগত থেকে হারিয়ে যান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত হয়েছেন। সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জীবনের অর্জিত অভিজ্ঞতা থেকে রিমি সেন বলেন-“সবই টাকার খেলা-আমি জীবনে এই একটা জিনিস শিখেছি বাবু ভাইয়া। টাকার উপরে কিছুই নেই। জীবনে যদি টাকা উপার্জন করতে চান, তাহলে স্বপ্নের কথা ভুলে যান-যা যা করতে হয়, করুন। দৃঢ় বিশ্বাসের সঙ্গে আপনার নীতি, মূল্যবোধ সঠিকভাবে অনুসরণ করুন। আর যতটা সম্ভব টাকা উপার্জন করুন। কারণ টাকার চেয়ে বড় কিছু নেই।” টাকার গুরুত্ব ব্যাখ্যা করে রিমি সেন বলেন, “সম্মানের আগে টাকা আসে, সম্পর্কের আগেও টাকার প্রসঙ্গ আসে। এটা অপ্রিয় সত্য, যা আমরা জানি। নিজ দেশ ও প্রিয় মানুষদের ছেড়ে আজ আমরা এখানে এসেছি, শুধু টাকা উপার্জনের জন্যই। ভালো সুযোগের খোঁজে। সুতরাং এ জন্য যত পরিশ্রম দরকার, করুন। পেশা বদলাতে হয়, বদলান; যা আপনার জন্য কার্যকর তাই করুন। যা কাজে আসছে না সঙ্গে সঙ্গে সেটা ছেড়ে দিন। কারণ সময় কখনো ফিরে আসে না।”
Reporter Name 













