1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ফ্রান্সে টর্নেডোর তাণ্ডবে এক গ্রামে ৪১ জন আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গ্রামের ওপর দিয়ে গত সোমবার টর্নেডো বয়ে গেলে এতে ৪১ জন আহত ও কয়েক শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের কর্তৃপক্ষ দেশের দক্ষিণ-পশ্চিমের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করেছিল। এ সময় বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিবহন ব্যবস্থায়ও দেখা দেয় বিশৃঙ্খলা। আউদ বিভাগে অনুষ্ঠিত ভুয়েলতা আ এস্পানা সাইক্লিং প্রতিযোগিতার তৃতীয় ধাপ বাতিল করে কর্তৃপক্ষ। শিলাবৃষ্টির কারণে প্রতিযোগিতায় অংশ নেওয়া সাইক্লিস্টরা আশ্রয় নিতে বাধ্য হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১ হাজার বাসিন্দার গ্রাম পোমায় টর্নেডোর আঘাত ছিল সবচেয়ে বেশি। এতে আনুমানিক ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো বাড়ির ছাদও উড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ১২০ জনের বেশি জরুরি কর্মী মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। বাড়ি ধসে তাঁর ওপর পড়লে তিনি আহত হন বলে তাঁর স্বামী এএফপিকে জানিয়েছেন। জাতীয় আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, কাছের আরকেত-আঁ-ভাল গ্রামে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১৭ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। দক্ষিণ ফ্রান্সজুড়ে ঝড়ে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ট্রেন চলাচলে বিলম্ব হয়। সড়ক বন্ধ করে দিতে হয়। বোর্দো, মার্সেই, নিস, তুলুজ এবং উত্তরে প্যারিসের বিমানবন্দরগুলোতেও বিমান চলাচলে বিলম্ব ও ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো। কর্তৃপক্ষ জানায়, ১০টি গ্রামের প্রায় ২ হাজার ৮০০ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফ্রান্সে বছরে গড়ে কয়েক ডজন টর্নেডো দেখা যায়। মেতেও-ফ্রান্স জানিয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে টর্নেডোর সংখ্যা ও তীব্রতার ওপর কী প্রভাব পড়ছে, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: এএফপি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd