1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ আমির, কীসের প্রস্তুতি নিচ্ছেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: ৬১ বছর বয়সে এবার পর্দায় ২৫ বছরের এক তরুণ ক্রিকেটারের চরিত্রে হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। আশুতোষ গোয়ারিকর পরিচালিত নতুন সিনেমা ‘ললকারা’য় ভারতের কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন তিনি। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে এরই মধ্যে ওজন কমানো ও খাদ্যাভ্যাস পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। সিনেমাটি তৈরি হচ্ছে লালা অমরনাথের জীবন এবং ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করে। দেশভাগের পর দুই দেশের প্রথম ক্রিকেট লড়াই এবং সেই সময়ের বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা ও দেশপ্রেমের গল্প সিনেমাটিতে উঠে আসবে বলে জানা গেছে। ওই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন লালা অমরনাথ। ‘ললকারা’র মাধ্যমে দীর্ঘ সময় পর আবারও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করছেন আমির খান। এর আগে ২০০১ সালে এই জুটি ‘লাগান’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। ব্রিটিশ আমলের পটভূমিতে ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি ব্যাপক সাফল্য পেয়েছিল। এবারও ক্রিকেটভিত্তিক গল্প নিয়ে তাদের এই পুনর্মিলন নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনে পরিবর্তন আনার জন্য আগে থেকেই পরিচিত আমির। ‘গজনি’তে পেশিবহুল শরীর এবং ‘দঙ্গল’-এ ভিন্ন বয়সের মহাবীর সিং ফোগাটের চরিত্রে নিজেকে বদলে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি। ‘লাল সিং চাড্ডা’তেও বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। এবার ৬১ বছর বয়সে ২৫ বছরের তরুণ ক্রিকেটারের ভূমিকায় তাকে কীভাবে পর্দায় হাজির করা হয়, সেটিই হয়ে উঠেছে বড় কৌতূহলের বিষয়। সিনেমাটির সঙ্গে অভিনেতা ফারহান আখতারের নামও একসময় জড়িয়েছিল। তবে ফারহান নিজেই জানিয়েছেন, তিনি কখনো আনুষ্ঠানিকভাবে সিনেমাটির অভিনয়শিল্পী হিসেবে যুক্ত ছিলেন না। ফলে সিনেমাটি থেকে বাদ পড়ার প্রশ্নও ওঠে না। তবে অভিনয়ে না থাকলেও প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। রিতেশ সিধওয়ানির সঙ্গে ফারহানের প্রযোজনা প্রতিষ্ঠান এঙ্লে এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি তৈরি হচ্ছে। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’-এর পর এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমিরের এটি তৃতীয় কাজ। ‘ললকারা’র অন্যান্য অভিনয়শিল্পী এবং মুক্তির চূড়ান্ত তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আমিরের বয়সের চেয়ে ৩৬ বছর কম বয়সী চরিত্রে অভিনয়ের প্রস্তুতিই এরই মধ্যে সিনেমাটিকে আলোচনায় নিয়ে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd