1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

‘জেলার ২’-এর প্রথম গানেই বাজিমাত, কে এই শামনা কাসিম?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার সাফল্যের পর এবার পর্দায় আসছে এর বহুল প্রতীক্ষিত সিক্যুেয়ল ‘জেলার ২’। রজনীকান্ত অভিনীত সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে প্রকাশ পেয়েছে প্রথম গান ‘আলা বোলেলো’। ওনম উৎসবের আবহে তৈরি গানটিতে রজনীকান্তের সঙ্গে নেচে ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী শামনা কাসিম। ‘আলা বোলেলো’ গানটির সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। প্রকাশের পর থেকেই গানটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। গানের সুর ও সংগীতের পাশাপাশি এর কোরিওগ্রাফিও আলোচনায় এসেছে। বিশেষ করে রজনীকান্তের সঙ্গে শামনা কাসিমের পারফরম্যান্স দর্শকদের দৃষ্টি কেড়েছে। শামনা কাসিমের এই আলোচনায় উঠে আসা অবশ্য একেবারে নতুন নয়। কেরালার কান্নুরে জন্ম নেওয়া এই অভিনেত্রীর ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই অভিনয়ের জগতে পা রাখেন তিনি। ২০০৪ সালে মালায়ালম সিনেমা ‘মঞ্জু পলোরু পেংকুট্টি’ দিয়ে তার অভিনয়ে অভিষেক হয়। সিনেমাটিতে তার উপস্থিতি ছিল স্বল্প সময়ের। এরপর ২০০৭ সালে তেলুগু সিনেমা ‘শ্রী মহালক্ষ্ণী’-তে বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পান শামনা। পরের বছর তামিল সিনেমা ‘মুনিয়ান্দি বিলাঙ্গিয়াল মুনরামান্ডু’-তে প্রথমবারের মতো কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর তামিল, তেলুগু ও মালায়ালম ভাষার বিভিন্ন সিনেমায় নিয়মিত দেখা গেছে তাকে। ‘দ্রোহী’, ‘আডু পুলি’, ‘থাগারারু’ ও ‘সাভারাকাথি’সহ বেশ কিছু তামিল সিনেমায় অভিনয় করেছেন শামনা। ২০২১ সালের আলোচিত সিনেমা ‘থালাইভি’-তেও তাকে দেখা গেছে। সেখানে তিনি শশিকলার চরিত্রে অভিনয় করেন। তবে ‘জেলার ২’-এ শামনা কাসিমকে পুরো সিনেমাজুড়ে দেখা যাবে না। তিনি অংশ নিয়েছেন কেবল ‘আলা বোলেলো’ গানটিতে। আর সেই একটি গানেই রজনীকান্তের সঙ্গে তার নাচ দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এর আগে ‘জেলার’ সিনেমার ‘কাবালা’ গানে পারফর্ম করে ব্যাপক আলোচনায় এসেছিলেন তামান্না ভাটিয়া। এবার ‘জেলার ২’-এর ‘আলা বোলেলো’ গানে রজনীকান্তের সঙ্গে পারফর্ম করে একইভাবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন শামনা কাসিম। নেলসন পরিচালিত ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মির্না ও যোগী বাবু। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশনকে। সান পিকচার্স প্রযোজিত সিনেমাটি ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd