1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৯৭৮ জন।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৪৩ জন নারী ও ২৭ জন পুরুষ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৮০৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২ জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মাসের ১৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৬৬৮ জন। এর আগে চলতি বছরে এক মাসে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে জুলাইয়ে, ৯ হাজার ২০৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৯০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল জুনে।

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ১৬ জন মারা গেছেন।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ২২ হাজার ১৫৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৪৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ২০২৫ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd