1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ভারতের শিক্ষার্থী আন্দোলনে তারকাদের ঢল, পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সরব শোবিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: ভারতে নিটসহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলমান শিক্ষার্থী আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা ও বলপ্রয়োগের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হওয়ার পাশাপাশি সরাসরি আন্দোলনস্থলেও হাজির হচ্ছেন বলিউডের একাধিক তারকা। দিল্লির আন্দোলনস্থলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গভীর রাতে যান অভিনেত্রী হুমা কুরেশি ও তাঁর ভাই, অভিনেতা ও প্রযোজক সাকিব সালিম। বৃষ্টি উপেক্ষা করে যন্তর মন্তরে জড়ো হওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তাঁরা। তাঁদের উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আন্দোলনকে কেন্দ্র করে বলপ্রয়োগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক ভিডিও বার্তায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বলে আখ্যায়িত করে তিনি বলেন, ‘আমাদের সন্তানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমি রাগে ফুঁসছি।’ পুলিশের হাতে লাঠি ও মুখে মুখোশ দেখে যুক্তরাষ্ট্রের আইসিই এজেন্টদের কথা মনে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের জন্য একদিন সংশ্লিষ্টদের পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন এই অভিনেতা। সংগীতশিল্পী অরিজিৎ সিংও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আপনারা তো এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র সত্য।’ পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের কথা শোনার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষের কণ্ঠই আসলে ঈশ্বরের কণ্ঠ।’ শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী হুমা কুরেশিও। আন্দোলনের দৃশ্যগুলো তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রী পুনম পান্ডে বলেন, ‘এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়; এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন।’ আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে রয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। পুলিশের লাঠিপেটা ও ধরপাকড়ের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি এই দমন-পীড়নকে কর্তৃত্ববাদী সরকারের বর্বরতা বলে আখ্যায়িত করেছেন। যন্তর মন্তরে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগ দিতেও দেখা গেছে তাঁকে। শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন অভিনেত্রী শাবানা আজমিও। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের পাশে থাকার কথা জানিয়েছেন। আন্দোলনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের খোঁজও নেন এই অভিনেত্রী।

শিক্ষার্থীদের পাশে সালমান, মুম্বাইয়ে মিছিলে ইমরান
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন সালমান খানও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসা করেন তিনি। শিক্ষাব্যবস্থার উন্নতির দাবিতে চলা আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান এই অভিনেতা। ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে সালমান আহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি সংহতি জানান। প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর সমস্যা’ হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানান তিনি। এদিকে মুম্বাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন অভিনেতা ইমরান খান। বৃষ্টির মধ্যেই শত শত শিক্ষার্থীর সঙ্গে মিছিলে হাঁটেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের শুভেচ্ছা জানান এবং ভক্তদের সঙ্গে ছবি তোলেন। এক স্বাধীন সাংবাদিকের সঙ্গে আলাপকালে ইমরান বলেন, ‘যেসব শিক্ষার্থী কঠোর পরিশ্রম করেছে, কিন্তু সেই পরিশ্রমকে মূল্যহীন করে দেওয়া হয়েছে, তাদের প্রতি সমর্থন জানাতেই আমি এখানে এসেছি। এটি আমাদের দেশের ভবিষ্যতের জন্য একটি লড়াই।’ এর আগে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায়ও তীব্র প্রতিক্রিয়া জানান ইমরান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, কঠোর পরিশ্রম করা শিক্ষার্থীদের ব্যবস্থার ব্যর্থতার কারণে ক্ষতিগ্রস্ত হতে দেখে তিনি হতবাক। নিজেদের কথা বলতে চাওয়া নাগরিকদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংহতি জানাচ্ছেন আরও তারকা
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন জিনাত আমান, অনুরাগ কশ্যপ, রত্না পাঠক শাহ, অভয় দেওল ও ওমি বৈদ্যসহ আরও অনেকে। অভিনেতা, নির্মাতা, সংগীতশিল্পী ও কৌতুকশিল্পীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে শান্তিপূর্ণ সংলাপ ও জবাবদিহির আহ্বান জানিয়েছেন। মালয়ালম অভিনেতা দুলকার সালমান শিক্ষা শুধু পরীক্ষার বিষয় নয়, বরং আশা, সুযোগ ও সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি বলে মন্তব্য করেছেন। তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়তে দেখা হৃদয়বিদারক উল্লেখ করে তিনি অর্থবহ সংলাপ, শান্তিপূর্ণ সমাধান এবং সহমর্মিতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। নির্মাতা ইমতিয়াজ আলী আন্দোলনের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আমাদের ভবিষ্যতের জন্য যা করতে হবে, তা হলো তার কথা শোনা।’ নির্মাতা ও অভিনেত্রী পূজা ভাটও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, শিক্ষার্থীদের দাবির জবাব বলপ্রয়োগে নয়, সংলাপের মাধ্যমে দেওয়া উচিত। অভিনেত্রী অদিতি রাও হায়দারি বলেন, তিনি কোনো অভিনেত্রী হিসেবে নয়, একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে কথা বলছেন। সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে অহিংসা, মর্যাদা, নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ও স্বচ্ছ আলোচনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, ‘কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, এটি মানবিক দায়িত্ব।’ সোনাক্ষী সিনহা আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। শাবানা আজমি ও নিমরত কৌরও শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। গায়ক-গীতিকার অনুভ জৈনও আন্দোলনকারীদের পাশে থাকার কথা বলেছেন। তবে অভিনেতা অনুপম খের শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানালেও আন্দোলনকে রাজনৈতিক সুযোগসন্ধানীদের হাতিয়ার না করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, শিক্ষার্থীদের উদ্বেগ অবশ্যই শোনা উচিত, তবে তাঁদের নিজেদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয়।

সোনম ওয়াংচুকের প্রতি সায়ানের সংহতি
ভারতের শিক্ষার্থী আন্দোলনের পাশাপাশি অধিকারকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতিও সংহতি জানিয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। ২৮ জুন থেকে শিক্ষার্থীদের দাবির সমর্থনে আমরণ অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। যন্তর মন্তরে ২১ দিন অনশনের পর পুলিশ তাঁকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। হাসপাতালেও অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। সোনম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে গান প্রকাশ করেছেন সায়ান। গানে তিনি লিখেছেন, ‘তুমি অধিকার যদি বোঝ, তবে সোনম ওয়াংচুককে চেনা দরকারি।’ অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থানও উঠে এসেছে গানের কথায়। সায়ান জানিয়েছেন, যারা রাস্তায় নির্যাতনের শিকার হচ্ছেন, তিনি তাঁদের পক্ষেই থাকবেন এবং শাসকের ছায়ায় নিজেকে আড়াল করবেন না। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ভারতের বিনোদন অঙ্গনের তারকাদের এই সরব অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন, কেউ সরাসরি আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের বক্তব্যে একটি বিষয়ই বারবার উঠে আসছে, শিক্ষার্থীদের দাবি ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের জবাব দমন-পীড়ন নয়, প্রয়োজন সংলাপ ও জবাবদিহি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd