1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সৌরভ গাঙ্গুলী লুকে চমকে দিলেন রাজকুমার রাও

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিনেপ্রেমীদের জন্য সবসময় আকর্ষণের কেন্দ্রে থাকে স্মরণীয় ব্যক্তিদের নিয়ে নির্মিত বায়োপিকে। সম্প্রতি প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক রীতিমতো ঝড় তোলে বিশ্বজুড়ে। পরিসর ততটা বৃহৎ না হলেও, এবার আসছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা’। সেই বায়োপিকের প্রথম লুকেই ভক্তদের চমকে দিলেন বলিউড তারকা রাজকুমার রাও। লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে টি-শার্ট ওড়ানো সেই সৌরভ গাঙ্গুলীর, যাকে আদর করে সবাই দাদা ডাকেন, আগ্রাসী রূপ এবার জীবন্ত হতে চলেছে সিনেমার পর্দায়। এবার ২০০২ সালে রোমাঞ্চকর সেই মুহূর্তটির প্রথম ঝলক নিয়ে হাজির হলেন রাজকুমার রাও। সৌরভ গাঙ্গুলীর সেই বহুল আলোচিত বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। আর মহারাজের জন্মদিনেই ঘোষণা করা হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। আগামী বছরের ১৪ মে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বলিউড হাঙ্গামার বরাতে রাজকুমার রাও অভিনীত বায়োপিকটির এসব তথ্য জানা গেছে। প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারটিতে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে দেখা গেছে হুবহু সৌরভ গাঙ্গুলীর চেনা রূপে। লর্ডসের বিখ্যাত ব্যালকনিতে দাঁড়িয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর জার্সি ওড়ানোর সেই ঐতিহাসিক মুহূর্তটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন রাজকুমার। ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দেওয়া সেই আইকনিক দৃশ্যটি পোস্টারে দেখে ভক্তদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালনায় নির্মিত বায়োপিকে একজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার থেকে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী অধিনায়ক হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। সৌরভের ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানা চড়াই-উতরাই, তার অবিসংবাদিত নেতৃত্ব, জেদ এবং হার না মানা মানসিকতা-যা ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছিল, তার সবকিছুই বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা। রাজকুমার রাও বরাবরই বাস্তব জীবনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পারঙ্গম। ভারতের জীবন্ত কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করা তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। আর প্রকাশ হওয়া প্রথম লুকেই সেই ইঙ্গিত মিলেছে। বড় পর্দার এই ‘দাদাগিরি’ দেখতে এখন শুধুই সময়ের অপেক্ষা। ২০২৭ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মহারাজের রাজকীয় এন্ট্রি দেখার জন্য দর্শক কতটুকু প্রস্তুত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd