1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদ্রাসাছাত্র হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সাথি সাহা। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এবং প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১৮ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। পরে ১৯ নভেম্বর সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জামিন শুনানিতে নাহিদের আইনজীবী সাথি সাহা আদালতে বলেন, মামলার ঘটনার অনেক আগেই তাঁর মক্কেল রাজনীতি ও সব ধরনের পেশা থেকে অবসর নিয়েছেন। বয়স ও শারীরিক অবস্থার কারণে রাজপথে মিছিল করা কিংবা নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় তিনি নেই। তিনি অসুস্থ ও বয়স্ক। জামিন পেলে পালিয়ে যাওয়ার আশঙ্কাও নেই বলে আদালতকে জানান আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, আন্দোলনকারীদের ধাওয়া করে মারধরের পাশাপাশি গুলি ছোঁড়া হলে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তিনি মারা যান।
সাদিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় তাঁর প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখানো হয়।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। পরে টানা ১০ বছর এ দায়িত্ব পালন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd