1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে বিদেশ যাওয়ার চেষ্টা করার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়। টিটন হত্যার তদন্তে হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্র এবং অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদের

প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

সোমবার বিকেলে পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমনসহ আইনজীবীরা রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের আবেদনে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার পেছনে থাকা ইন্ধনদাতাদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার অন্য জড়িত ও পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করে গ্রেপ্তারের কথা বলা হয়েছে। তদন্তে সুইডেন আসলামের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেট থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় টিটনকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী। তাদের সঙ্গে আরও কয়েকজনের পরিকল্পনায় এ হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গুলিতে টিটনের ডান কানের ওপরের অংশ, বাম ভ্রুর ওপর কপাল, পিঠের দুই অংশ, বাম হাতের কনুইয়ের ওপর ও নিচের দিক এবং বাম বগলের নিচে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এজাহারে হত্যাকাণ্ডের পেছনে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের অভিযোগ করা হয়েছে। বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে টিটনের সঙ্গে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাহজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের বিরোধ তৈরি হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
এজাহারে বলা হয়েছে, ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষের লোকজন তাকে ডেকেছে এবং সমঝোতার মাধ্যমে বিরোধ মীমাংসার কথা বলেছে। পরদিন সন্ধ্যায় শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তাকে গুলি করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে মামলায়।
নিহত টিটন গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের আগস্টে জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় একটি বাসায় বসবাস শুরু করেন। পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে তিনি বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং নতুন করে ব্যাবসা শুরু করার চেষ্টা করছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একটি গরুর হাটের ইজারা নেওয়ার পরিকল্পনার কথাও তিনি ভাইকে জানিয়েছিলেন।
ঘটনার খবর পেয়ে টিটনের বড় ভাই যশোর থেকে ঢাকায় এসে ২৯ এপ্রিল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। তিনি পুলিশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময়ও উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম পরিচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে তার নাম ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও আসলাম বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd