1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

এবার রুশ হামলায় কেঁপে উঠল জেলেনস্কির নিজ শহর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে রাশিয়া হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন দুজন। আহত হয়েছেন আরও ৬০ জন। গত শুক্রবার রাতে মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে এ হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ও ২০ বছর বয়সী এক নারী রয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যেও ছয় শিশু রয়েছে। শহর প্রশাসনের প্রধান ওলেঙ্ান্দর ভিলকুল জানিয়েছেন, হামলায় প্রায় ২৫টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল, কয়েকটি স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান। ভিলকুল আরও বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর রুশ বাহিনী আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরাও হামলার স্বীকার হন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশ করা ভিডিওতেও উদ্ধার অভিযান চলার সময় নতুন করে হামলার দৃশ্য দেখা গেছে। এদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলেও রুশ হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। অন্যদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে একটি আবাসিক এলাকায় ইউক্রেনের হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ ঘটনার আগে গত শুক্রবার ন্যাটোর সদস্য পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র ও সন্দেহভাজন একটি ড্রোন আছড়ে পড়ে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাটিকে ইচ্ছাকৃত উসকানি বলে উল্লেখ করেছেন। ইউক্রেনে যুদ্ধের পর সম্ভাব্য নিরাপত্তা মিশনের প্রস্তুতি হিসেবে ইউরোপের কয়েকটি দেশের সামরিক মহড়ার সময় এ ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। গত শনিবার আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। একই সঙ্গে, পোল্যান্ডের ভূখণ্ড রক্ষায় জোটের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। এদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। গত শুক্রবার চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, পুতিন কূটনৈতিকভাবে যুদ্ধের অবসান চান। তবে, এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে একমত নন জেলেনস্কি। গত শনিবার কিয়েভে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, পুতিন সমঝোতায় রাজি, এ বিষয়ে তিনি ওয়াশিংটনের মতো এতটা আশাবাদী নন। তার মতে, যুদ্ধ বন্ধে পুতিনের পক্ষ থেকে এখনও সমঝোতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। অন্যদিকে, মস্কো এখনও পূর্বাঞ্চলীয় দনবাসের পুরো এলাকা থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তবে, কিয়েভ এ দাবি মানতে রাজি নয়। একই সঙ্গে, জেলেনস্কি আবারও ন্যাটোর সদস্য হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। এদিকে, ইউক্রেনকে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার মতো নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছে ওয়াশিংটন। তবে, যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে ইউক্রেনকে হামলা থেকে সুরক্ষিত রাখার উপায় নিয়ে আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
সূত্র: আল-জাজিরা

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd