মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে একটি বসতবাড়িতে প্রবেশ করে দুই লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের পর নগদ ক্যাশে ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের কালুর মোড় এলাকায় সৌদি আরবপ্রবাসী মো. কামরুল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একদল ব্যক্তি ওই বাড়িতে গিয়ে দরজা-জানালায় জোরে ধাক্কা দিতে থাকে। পরে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে তারা। এরপর ঘরে প্রবেশ করে বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ ও ভয়ভীতি প্রদর্শন করে।
ঘটনার সময় বাড়িতে ছিলেন প্রবাসী কামরুল বেপারীর স্ত্রী মালা বেগম, তাঁর দুই মেয়ে এবং পাঁচ দিন আগে বেড়াতে আসা মালা বেগমের চাচাতো ভাই মো. আল আমিন হাওলাদার (৪৫)। তিনি ইন্দুরকানী উপজেলার জুলহাস হাওলাদারের ছেলে।
অভিযোগ অনুযায়ী, ঘরে প্রবেশের পর অভিযুক্তরা মালা বেগম ও তাঁর চাচাতো ভাইকে পৃথক কক্ষ থেকে বের করে মারধর করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে মালা বেগমের দুই মেয়েকে পাশের একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় মালা বেগম ও তাঁর চাচাতো ভাইয়ের ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
পরে তাঁদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ২৫ হাজার টাকা নেওয়া হয়। বিকাশে টাকা পাঠানোর সময় ছিল রাত ৩টা ২৯ মিনিট। সব মিলিয়ে ৫০ হাজার টাকা নেওয়ার পর অভিযুক্তরা বাড়ি থেকে চলে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মালা বেগম বলেন, “আমার স্বামী কামরুল বেপারী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। আমি দুই মেয়ে মারিয়া আক্তার (১৮) ও সাবিরা আক্তার (১৪)–কে নিয়ে বাড়িতে বসবাস করি। সাবিরা অষ্টম শ্রেণিতে পড়ে। রাতে জানালায় ডাকাডাকির পর দরজা খুলতেই কয়েকজনকে দেখতে পাই। তারা ঘরে ঢুকে আল আমিন কোথায় জানতে চায় এবং তাঁকে খুনি বলে থানায় দেওয়ার কথা বলে। পরে ভয়ভীতি দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা নিয়ে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।