1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): ‎ ‎খুলনার পাইকগাছায় ১২০ কোটি টাকা ব্যয়ে কড়ুলিয়া নদীর ওপর নির্মিত পৌনে এক কিলোমিটার দীর্ঘ স্বপ্নের লস্কর-বাইনতলা সেতুর মূল অবকাঠামোর ৭৬ শতাংশ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুর বেশিরভাগ কাজ শেষ হলেও এখন কেবল সংযোগ সড়কের জন্য ভূমির অধিগ্রহণ সম্পন্ন হওয়ার অপেক্ষায়।

‎জানা গেছে, পাইকগাছা জিসি থেকে লস্কর-বাইনতলা, বগুলারচক- শুড়িখালী, ভান্ডারপোল এবং গিলাবাড়ী-জিসি সড়কের ২৩শ মিটারের অংশ হিসেবে কড়ুলিয়া নদীর ওপর ৭৪৯ মিটার (পৌনে ১ কিমি) দীর্ঘ ও ৯.৮ মিটার (৩২ ফুট) প্রশস্ত এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০২৩ সালের ১৩ নভেম্বর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এনডিই’। একই বছরের সেপ্টেম্বর মাসে সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইতোমধ্যে অত্যন্ত দ্রুততার সাথে প্রকল্পটির ৭৬ শতাংশ কাজ এগিয়ে নেওয়া হয়েছে। সেতুর মোট ২৪০টি পাইলের কাজ এবং ২৫টি আরসিসি স্প্যানের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে নদীর মাঝখানে ৭৫ মিটার দৈর্ঘ্যের স্টিল স্প্যান বসানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তবে সেতুর উভয়পাড়ে লস্কর-খড়িয়া অংশে সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় ৩শ মিটার জমির অধিগ্রহণ প্রক্রিয়া আটকে থাকায় চূড়ান্ত রূপ নিতে কিছুটা বিলম্ব ঘটছে। অনুসন্ধানে জানা যায়, সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের ৩ ধারার নোটিশ জারির দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত ৪ ধারার নোটিশ জারি করা হয়নি। এর ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা তাদের ন্যায্য ক্ষতিপূরণের অর্থ হাতে পাচ্ছেন না। চিংড়ি চাষি ও জমির মালিক এসএম রেজাউল করিমসহ অনেকেই আক্ষেপ করে জানান, নানা জটিলতা ও সমালোচনার মূখে সম্প্রতি কর্তৃপক্ষ জমির মালিকদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পাঠালেও কৃষকরা কবে নাগাদ তাদের ক্ষতিপূরণের টাকা হাতে পাবেন, তার সুনির্দিষ্ট কোনো নিশ্চয়তা এখনও মেলেনি।এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ম্যানেজার সাহেব আলী জানান, আমাদের কাজের গতি সন্তোষজনক এবং এ পর্যন্ত সেতুর ৭৬ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা সেতুটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রস্তুত আছি। তবে এখনো ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি প্রকৌশল অধিদপ্তর ও জেলা এলএ শাখা যৌথভাবে দেখভাল করছে। উপজেলা প্রকৌশলী এমএ আব্দুস সামাদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এখন জেলা এলএ শাখা থেকে প্রেরিত ফাইলটি মন্ত্রণালয়ে পাশ হয়ে আসলে দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হবে।এলাকাবাসীর প্রত্যাশা, এই সেতুটি পুরোপুরি বাস্তবায়িত হলে পাইকগাছা ও কয়রা উপজেলা ছাড়াও ডুমুরিয়া, বটিয়াঘাটা, তেরখাদা এবং সাতক্ষীরার আশাশুনিসহ এই অঞ্চলের প্রায় ৬ লাখ মানুষ সরাসরি সড়কপথে খুলনা জেলা সদরের সাথে যুক্ত হতে পারবে। বিশেষ করে পাইকগাছা ও কয়রা দুই উপজেলার মানুষকে দীর্ঘপথ ঘুরে শিববাটি ব্রিজ হয়ে যাতায়াত করতে হতো, যা সময়সাপেক্ষ ছিল। এই সেতু চালু হলে জেলা সদরে পৌঁছাতে অন্তত দুই ঘণ্টার স্থলে আধা ঘণ্টা সময় সাশ্রয় হবে। সচেতন মহল ধারণা করছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে এই অঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন শিল্প ও জীবনযাত্রার মান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd