1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।
বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাঁখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাঁদের বরখাস্তের আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলে কর্মরত। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী তাঁর বিরুদ্ধে যথাক্রমে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের সময় তাঁকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হবে। এ সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেব্রত সরকারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে বিধিমালার ১২(১) অনুযায়ী তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন তাঁকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হবে। এ সময় তিনিও বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd