1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

দক্ষিণ কোরীয় শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : আইন বিষয়ে ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির অভিযোগ ওঠা দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার আশঙ্কায় পাওয়া এক খবরের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে। লি জিন-উ নামের ওই শিক্ষার্থী চলতি বছর আলোচনায় আসেন। তিনি মর্যাদাপূর্ণ সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসএনইউ) দন্তচিকিৎসা বিষয়ে পড়ার পাশাপাশি আইন বিষয়ে ভর্তি পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়েছিলেন। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তবে চলতি বছরের জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী রোববার এআই ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করার পর ৩২ বছর বয়সী লির বিরুদ্ধেও সন্দেহ দেখা দেয়। তবে তিনি অভিযোগ অস্বীকার করেন। অভিযোগ খণ্ডন করতে গতকাল বৃহস্পতিবার সরাসরি অনলাইনে সম্প্রচারের মাধ্যমে কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ঘোষণা দেন লি। এর মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। তবে নির্ধারিত সময়ে তিনি উপস্থিত হননি। পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, গাংডং জেলার একটি অজ্ঞাত স্থানে লিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় পাওয়া গেছে। ত্রিশোর্ধ্ব এক ব্যক্তির আত্মহত্যার আশঙ্কা নিয়ে গতকাল বৃহস্পতিবার পাওয়া একটি খবরের পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ায় কর্তৃপক্ষ সাধারণত কাউকে মৃত ঘোষণা করতে কিছুটা সময় নেয়। এ কারণে মৃত অবস্থায় পাওয়া ব্যক্তিদেরও ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায়’ বলে উল্লেখ করা হয়। পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, ‘তাকে মৃত ঘোষণা করা হলে ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে ফরেনসিক পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’ এদিকে তার কলেজে ভর্তি পরীক্ষার ফল নিয়েও প্রশ্ন উঠেছে। ২০১০-এর দশকে পাওয়া নম্বরের তুলনায় পরবর্তী সময়ে তাঁর ফল উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর ভিত্তিতেই তিনি এসএনইউর ডেন্টাল স্কুলে ভর্তির সুযোগ পান। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমে তার বিরুদ্ধে অতীতে মারধর ও চাঁদাবাজির অভিযোগের খবরও প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের সঙ্গে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির অভিযোগের কোনো সম্পর্ক নেই।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd