1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

আবারও আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদেও দায়িত্ব পালন করবেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর পুনর্নিয়োগ নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় মেয়াদে ক্রিকেটের বৈশ্বিক সম্প্রসারণ, নারী ক্রিকেটের উন্নয়ন, সহযোগী দেশগুলোর জন্য সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রিকেটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখাকে অগ্রাধিকার দেবেন জয় শাহ। পাশাপাশি খেলাটির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করতে টেকসই বাণিজ্যিক কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দেবে আইসিসি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনও জয় শাহর মেয়াদে সংস্থাটির অন্যতম বড় লক্ষ্য। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে যাওয়া ক্রিকেটকে নতুন দর্শকের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থক তৈরির সুযোগ হিসেবে দেখছে আইসিসি। এ ছাড়া প্রতিযোগিতার পরিসর বাড়ানো এবং বিভিন্ন দেশের খেলোয়াড়দের উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। পুনর্নিয়োগের পর জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। পরিচালকদের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার বড় সুযোগ তৈরি করবে। শুধু সফল টুর্নামেন্ট আয়োজন নয়, বরং খেলোয়াড়, সমর্থক ও বাণিজ্যিক অংশীদারদের স্বার্থ বিবেচনায় নিয়ে ক্রিকেটের টেকসই ভবিষ্যৎ গড়তে চান তিনি। জয় শাহর পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন দেশের ক্রিকেট প্রশাসকেরা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন আন্তর্জাতিক সূচি শক্তিশালী করা এবং দ্বিপক্ষীয় সিরিজের গুরুত্ব ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। নারী ক্রিকেটের সুযোগ বাড়ানো এবং সহযোগী দেশগুলোর উন্নয়নেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আইসিসির কর্মকর্তারা। ২০২৭ সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপ আফ্রিকায় নতুন দর্শকের কাছে খেলাটিকে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করবে বলেও আশাবাদী আইসিসির ডেপুটি চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি। সব মিলিয়ে সদস্য দেশগুলোর সহযোগিতায় ক্রিকেটের পরিসর ও প্রতিযোগিতার সুযোগ বাড়ানোই জয় শাহর দ্বিতীয় মেয়াদের অন্যতম লক্ষ্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd