1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী, সতর্ক জামাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে বড় জয়ের আত্মতুষ্টিতে ভুগতে চান না জামাল ভূঁইয়া। তাঁর মতে, সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল। তাই ১৪ নভেম্বরের ম্যাচে সতর্ক থেকেই মাঠে নামতে হবে হামজা চৌধুরীদের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জামাল। শ্রীলঙ্কার বিপক্ষে চার গোল করা এবং আবারও ক্লিনশিট ধরে রাখায় সন্তুষ্টি প্রকাশ করেন এই মিডফিল্ডার। তবে এখন তাঁর সব মনোযোগ পাকিস্তান ম্যাচে।

জামাল বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ভালো ছিল। আমড়া চারটি গোল করেছি, এটা ভালো দিক। পাশাপাশি আবারও ক্লিনশিট রাখতে পেরেছি। সব মিলিয়ে আমড়া সন্তুষ্ট ও খুশি। এখন আমাদের মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। কারণ, আমার মনে হয়, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’

ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। দুই ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি কোনো গোল হজম করেনি দলটি। অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

ভারতের বিপক্ষে ৩-২ গোলে হারলেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে পাকিস্তান। পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। ইজাজ ও নাজিবদের পারফরম্যান্সও নজর কেড়েছে। সাফের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়াই করে হারায় পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে। এখন পর্যন্ত ১৭ বারের দেখায় বাংলাদেশ জিতেছে সাত ম্যাচে, পাকিস্তানের জয় পাঁচটিতে। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র।

তবে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এখনও জেতা হয়নি পাকিস্তানের। বাংলাদেশের একমাত্র শিরোপাটি এসেছিল ২০০৩ সালে, ঘরের মাঠে। ২৩ বছর পর আবারও দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই লক্ষ্যে ফাইনালে ওঠার প্রথম বাধা পাকিস্তান।

সেমিফাইনালের আগে বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তার কারণ চোট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গোড়ালির টেন্ডনে চোট পেয়ে সাফ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তাঁর জায়গায় বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন জামাল।

দুই ম্যাচের মাঝে বিরতিও খুব বেশি নয়। শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর দুই দিন পরই পাকিস্তানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তাই দলের প্রত্যেক খেলোয়াড়কে প্রস্তুত রাখা জরুরি বলে মনে করেন জামাল।

তিনি বলেন, ‘পুরো স্কোয়াড দরকার আমাদের। কারণ, গতকাল ম্যাচ ছিল, দুই দিন পর আবার ম্যাচ আছে। এখন সাদ উদ্দিন চোট পেয়েছে। অবশ্যই সেখানে বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয় সেন্টারব্যাক হিসেবে খেলেছে। তাই এখন আমাদের পুরো স্কোয়াড প্রয়োজন।’

বিশ্বনাথ ঘোষ ও তপু বর্মণও এখনও পুরোপুরি ফিট নন। ফলে রক্ষণভাগের খেলোয়াড়দের চোট নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে দলকে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বড় জয়ে নজর কেড়েছেন তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ম্যাচের ৫৩ মিনিটে তাঁর করা গোলটি বিশেষভাবে মনে ধরেছে জামালের।

গোলটির আগে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন ফারহান। এরপর আরও দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল জালে পাঠান তিনি। জামালের মতে, জাতীয় স্টেডিয়ামে তাঁর দেখা সেরা গোলগুলোর একটি এটি। হামজার বাইসাইকেল কিকের পাশাপাশি ফারহানের গোলও মনে রাখবেন তিনি। এমনকি নিজের দেখা সেরা তিন গোলের মধ্যে ফারহানের গোলটিকে রাখবেন বলেও জানিয়েছেন।

তবে ফারহানকে মেসি, নেইমার কিংবা লামিনে ইয়ামালের মতো তারকাদের সঙ্গে তুলনা করতে চান না জামাল। তাঁর প্রত্যাশা, তরুণ এই ফুটবলার নিজের খেলাতেই পরিচিতি গড়ে তুলবেন।

জামাল বলেন, ‘আমি চাঁই, ফারহান নিজের নামেই পরিচিত হোক। এটা ফারহান আলীর গোল, অন্য কারও নয়।’

সাফে প্রথমবার খেলতে এসেই বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হামজা চৌধুরী। এর আগে দীর্ঘদিন জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন জামাল ভূঁইয়া। দায়িত্বের পরিবর্তন নিয়ে তাঁর মধ্যে কোনো হতাশা নেই। বরং হামজার নেতৃত্ব ও পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।

জামালের চোখে হামজাই বাংলাদেশের সেরা খেলোয়াড়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও রয়েছে তাঁর।

হামজাকে নিয়ে জামাল বলেন, ‘হামজা অধিনায়ক হওয়ার যোগ্য। সে ভালো খেলছে। হামজা সম্ভবত বাংলাদেশের সেরা খেলোয়াড়। অবশ্যই সে দলের সবচেয়ে বড় তারকা ও সবচেয়ে বড় খেলোয়াড়। আমি হামজাকে নিয়ে ভীষণ খুশি।’

সাফ চ্যাম্পিয়নশিপের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে। প্রথম ম্যাচে বেলা ৩টায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে রাত সাড়ে ৮টায় পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলেরই লক্ষ্য জয়। একদিকে দীর্ঘ ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন বাংলাদেশের, অন্যদিকে প্রথমবারের মতো সাফের ফাইনালে যাওয়ার সুযোগ পাকিস্তানের সামনে। ইনজুরি সমস্যা সামলে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নেওয়াই এখন জামাল-হামজাদের লক্ষ্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd