1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

ফকিরহাটে চাকরির প্রলোভনে ভিক্ষুক নারীর ১২ হাজার টাকা নেওয়ার অভিযোগ ইউপি সদস্য সালামের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি:  বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নে এলজিইডির কর্মসূচিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক হতদরিদ্র ভিক্ষুক নারীর কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য শেখ আব্দুস সালামের বিরুদ্ধে। দীর্ঘদিনেও চাকরি না পাওয়া এবং টাকা ফেরত না পেয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মিনা দাস (৩৫)।
অভিযুক্ত শেখ আব্দুস সালাম লখপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, মিনা দাস চরম অর্থনৈতিক সংকটের মধ্যে জীবনযাপন করেন। বাঁশের চাটাই তৈরি এবং মানুষের কাছে ভিক্ষা করে কোনোরকমে চলে তাঁর সংসার। সম্প্রতি লখপুর ইউনিয়ন পরিষদের অধীন এলজিইডির একটি কর্মসূচিতে নারী শ্রমিকের বদলি হিসেবে রাস্তার পাশে কাজ করার সুযোগ পান তিনি।
এ সময় ইউপি সদস্য শেখ আব্দুস সালাম তাঁকে তিন বছরের জন্য কর্মসূচিতে স্থায়ী শ্রমিক হিসেবে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ জন্য ১২ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থায়ী কর্মসংস্থানের আশায় মিনা দাসের শাশুড়ি লখপুর বাজারের এক ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে ওই টাকা ইউপি সদস্যের হাতে তুলে দেন বলে অভিযোগে বলা হয়েছে। কিন্তু দীর্ঘদিন পার হলেও চাকরি পাননি মিনা দাস। ফেরত পাননি দেওয়া টাকার পুরো অংশও। ফলে একদিকে ঋণের সুদ পরিশোধের চাপ, অন্যদিকে কর্মসংস্থান না থাকায় চরম দুর্ভোগে পড়েছে পরিবারটি।
ভুক্তভোগীর শাশুড়ি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বউমার কাজের জন্য সুদে টাকা এনে সালাম মেম্বারকে দিয়েছিলাম। কিন্তু টাকাও ফেরত পাইনি, বউমার কাজটাও হলো না। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”
অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরতের জন্য বারবার তাগাদা দেওয়ার পর ইউপি সদস্য চার কিস্তিতে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা ফেরত দিয়েছেন। বাকি ১০ হাজার টাকা এখনো পরিশোধ করেননি বলে দাবি করেছেন ভুক্তভোগী।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশও হয়েছে। সেখানে কিছু টাকা ফেরত দেওয়া হলেও বাকি টাকা এখনো পরিশোধ করা হয়নি বলে তাঁদের অভিযোগ।
ভুক্তভোগী মিনা দাস বলেন, “মেম্বার সাহেব আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। মানুষের কাছে ভিক্ষা করে এবং সুদে টাকা এনে তাঁকে দিয়েছিলাম। এখন চাকরিও পাইনি, টাকাও ফেরত পাচ্ছি না। উল্টো প্রতি মাসে সুদের টাকা দিতে হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য শেখ আব্দুস সালাম বলেন, “আমি ২ হাজার টাকা নিয়েছিলাম। আমাকে জোর করে দেওয়া হয়েছিল। পরে কয়েকবারে সেই ২ হাজার টাকা পরিশোধ করেছি।”
এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামান বলেন, “এ বিষয়ে ভুক্তভোগী আমার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একজন অসহায় নারীর কাছ থেকে চাকরির আশ্বাসে টাকা নেওয়া এবং তা ফেরত না পাওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd