1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ইচ্ছুক সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ পর্যন্ত দেশটি থেকে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সব প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরু করতে চায় সংস্থাটি। প্রথম ধাপে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএলের জন্য ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি বলেন, মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার এসেছে। নিয়োগকর্তাদের সহযোগিতা পেলে দ্রুত কর্মীদের পাঠানো সম্ভব হবে। ডিসেম্বরের আগে কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। তবে কোনো কারণে এক-দুই দিন দেরি হলে সেটি ভিন্ন বিষয়।

বোয়েসেলের মাধ্যমে মোট ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ডিএইচএলের জন্য ১১২ জন কর্মী বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ নভেম্বর ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এতে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

আবেদনকারীদের সমান সুযোগ ও বাছাইপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করা হয়। এতে দুটি পদে মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

এই ৩০০ জনের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যাবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। এজন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যাবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

রাশেদুল হক বলেন, কর্মী বাছাইয়ে বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তারাই নিজেদের চাহিদা ও পছন্দ অনুযায়ী কর্মী নির্বাচন করবেন। তাঁদের নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে বিবেচিত হবেন।

তিনি জানান, পুরো নিয়োগপ্রক্রিয়া শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মীর কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় কিংবা সেবা মাশুল নেবে না।

তবে নিয়োগপ্রক্রিয়ায় দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার বিষয়ে সতর্ক করেছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, কেউ অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণের ভিত্তিতে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদুল হক বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বোয়েসেল। নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। সাধারণ শ্রমিকেরা যেন নিজেদের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় বোয়েসেল।

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd