1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা,হবিগঞ্জে নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কাভার্ড ভ্যানের চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া-কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের ডাক ও পার্সেল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের কাউছারনগর এলাকায় ঢাকা অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ডাক বিভাগের মাঝারি আকারের কাভার্ড ভ্যানটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। আবুল কালাম আজাদের বাড়িও একই উপজেলার কমলগঞ্জে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd