1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিশ্চিত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সফরসঙ্গী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ, বর্ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বর্ণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলু। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী। দেশটির আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তারেক রহমান।
সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর বৈঠক নিশ্চিত হয়েছে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে।
পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এসব বৈঠকে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব। সফর শেষে শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd