1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

মেজর জিয়াউর রহমানের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে শুরু করে স্বাধীনতা-পরবর্তী সামরিক জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারীর। তিনি তৎকালীন জেড ফোর্সের একজন সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নিজের বর্ণাঢ্য সামরিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।

স্মৃতিচারণকালে আব্দুল বারী বলেন, ‘মোরেলগঞ্জ-শরণখোলা এলাকা থেকে আমিই একমাত্র জেড ফোর্সের সৈনিক হিসেবে মেজর জিয়াউর রহমানের সঙ্গে দায়িত্ব পালন করেছি। তাঁর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবেও দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে আমার।’

তিনি আরও বলেন, সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং মেজর জিয়াউর রহমানের সঙ্গে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত সাহসী ও দৃঢ়চেতা একজন সামরিক কর্মকর্তা।

মুক্তিযুদ্ধের একটি সম্মুখযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, মেজর হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে যশোর থেকে তাঁরা তিলঢালা এলাকায় যান। সেখানে একটি সম্মুখযুদ্ধে ৩৩ জন শহীদ এবং ৬৬ জন আহত হন বলে তিনি উল্লেখ করেন। ওই যুদ্ধে কমান্ডারের দায়িত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ প্রসঙ্গে আব্দুল বারী বলেন, তৎকালীন রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্যে মেজর জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হলে তাঁরা তাঁকে উদ্ধারের অভিযানে অংশ নেন। মেজর হাফিজ উদ্দিনের নেতৃত্বে তাঁরা তাঁকে বন্দিদশা থেকে উদ্ধার করে নিয়ে আসেন বলে স্মৃতিচারণ করেন তিনি। সে সময় তাঁরা ঢাকার চেয়ারম্যান বাড়ি এলাকায় অবস্থান করছিলেন বলেও জানান।

নিজের সামরিক জীবনের কথা তুলে ধরে তিনি জানান, ১৯৮১ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্বদের সঙ্গে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করা অত্যন্ত জরুরি। দেশপ্রেম, জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আকতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার শাহ-আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন তালুকদার, পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

মোরেলগঞ্জের প্রত্যন্ত জনপদ থেকে উঠে আসা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর সামরিক জীবনের এসব স্মৃতিচারণ স্থানীয় ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও দেশের অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd